কেন মনোনয়ন জমা দিতে পারছেন না প্রার্থীরা? জেলাশাসককে ফোন রাজ্য নির্বাচন কমিশনারের
ভোটের দামামা বেজে গিয়েছে। ভোট ঘোষণার পরদিন থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব। একইসঙ্গে অশান্তি ও হিংসার ধারাবাহিকভাবে ঘটে চলেছে। প্রায় সর্বত্রই বিরোধীদের মনোনয়ন বাধা ও হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ। সব ঘটনাকে ছাপিয়ে গিয়েছে মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা।
এই অবস্থায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জেলাশাসককে ফোন করলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনাল রাজীব সিনহা। তিনি মুর্শিদাবাদের জেলাশাসককে বলেন, এসব কী হচ্ছে, কেন মনোনয়ন দিতে পারছেন না প্রার্থীরা। অবিলম্বে এই ধরনের ঘটনা রুখতে ব্যবস্থা নিন।

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে। তারপর শুক্রবার থেকেই শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ৷ শনিবার ছিল তার দ্বিতীয় দিন৷ এরমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে অশান্তি ছড়াল জেলায় জেলায়৷
মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমানে মনোনয়ন পত্র জমা দিতে গেলে বিরোধীদের উপরে হামলার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে৷ ডোমকলের ঘটনা আবার মাত্রা ছাড়িয়ে যায়। বাম-কংগ্রেস প্রা্রথীদের মনোনয়নে বাধা ও মারধররে ঘটনা তো ছিলই, সেখানে তৃণমূল নেতার কোমর থেকে পিস্তলও উদ্ধার হয়।

গোটা ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ তিনি প্রয়োজনে কড়া পদক্ষেপ করারও হুঁশিয়ারি দেন। সূত্রের খবর, ডোমকলের অশান্তির পরই মুর্শিদাবাদের জেলাশাসককে ফোন করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷
তিনি বলেন, ''এই সব কী হচ্ছে? কেন মনোনয়ন জমা দিতে পারছে না? আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন, যাতে সবাই মনোনয়ন জমা দিতে পারে। প্রয়োজনে পুলিশের সঙ্গে আলোচনা করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনুন। এই ধরনের ঘটনা কোনোভাবেই রেয়াত করা হবে না।''
অন্যদিকে, গোটা বিষয়টি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গেও ফোনে কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা নিয়ে আলোচনা হয়েছে রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে। তাঁদের আলোচনার কেন্দ্রে মূলত ডোমকল ও খড়গ্রামই ছিল বলে সূত্রের খবর।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে 'জিরো টলারেন্স নীতি' মেনে চলতে হবে পুলিশকে। এদিন আলোচনার পর কমিশনারের সঙ্গে আলোচনার পরে মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্য পুলিশের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক।
গত শুক্রবার মনোনয়ন পেশের প্রথম দিনে মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে৷ তারপর এদিন সকালে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ডোমকল৷ এই জেলায় পরের পর ঘটনায় উদ্গিগ্ন নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications