রাহুলের গুঁতোয় অবশেষে ঘুম ভাঙল প্রদেশ কংগ্রেসের, নোটকাণ্ডে শহিদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ
রাহুল গান্ধী এদিন ফোন করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে জানতে চান, নোটকাণ্ডে রাজ্য কংগ্রেসের ভূমিকা কী? কেন কোনও বিক্ষোভ-আন্দোলন নেই কংগ্রেসের?
কলকাতা, ২০ ডিসেম্বর : রাহুলের গুঁতো খেয়ে অবশেষে ঘুম ভাঙল প্রদেশ কংগ্রেসের। তড়িঘড়ি মিটিং ডেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঘোষণা করলেন, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সমাবেশ হবে আগামী ফেব্রুয়ারিতে। শহিদ মিনার ময়দানে কংগ্রেসের কেন্দ্রীয় সমাবেশে উপস্থিত থাকার জন্য এদিনই কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানান অধীরবাবু। সেইসঙ্গে এআইসিসি-র শীর্ষসারির নেতাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে এই সমাবেশে।
রাহুল গান্ধী এদিন ফোন করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে জানতে চান, নোটকাণ্ডে রাজ্য কংগ্রেসের ভূমিকা কী? কেন কোনও বিক্ষোভ-আন্দোলন নেই কংগ্রেসের? রাহুলের এই ধমক খাওয়ার পরই আজ তড়িঘড়ি তিনি প্রদেশে কংগ্রেস নেতৃত্বকে মিটিংয়ে ডাকেন। তবে প্রদেশ কংগ্রেস সভাপতির ডাকে সাড়া দিয়ে সবাই এই মিটিংয়ে উপস্থিত ছিলেন না। বহু সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতি আসতে পারেননি এদিনের বৈঠকে।

নোট-কাণ্ডে দিল্লিতে দলের সর্বভারতীয় সহ সভাপতি রাহুল গান্ধী সরব হলেও, প্রদেশ কংগ্রেসের তরফে কোনও আন্দোলন বা বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নেওয়া হয়নি। বরং প্রদেশ কংগ্রেস এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধেই সরব হয়েছে। দিল্লিতে যখন কংগ্রেস ও তৃণমূল মিলিত হয়ে আন্দোলন করছে, সাংবাদিক বৈঠক করছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি-র বিরুদ্ধে।
তাই প্রদেশ কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায়। এরপরই রাহুল গান্ধী সরাসরি ফোন করে অধীর চৌধুরীর কাছে কৈফিয়ৎ তলব করেন।












Click it and Unblock the Notifications