পুনর্নিয়োগে লাগাম রাজ্যের, স্বাধিকারে সরকারি হস্তক্ষেপের অভিযোগে তপ্ত যাদবপুর
পুনর্নিয়োগে লাগাম টানায় উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আগামীকাল এই মর্মে কর্মবিরতি পালন করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ।
কলকাতা, ২১ নভেম্বর : পুনর্নিয়োগে লাগাম টানায় উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আগামীকাল এই মর্মে কর্মবিরতি পালন করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে স্মারকলিপিও দেবে ওয়েবকুটা। যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর সিদ্ধান্তে অনড় রয়েছেন।

৬০ বছরে অবসরের পর অধ্যাপকদের পুনর্নিয়োগের সিদ্ধান্তে রাশ টানেন পার্থবাবু। তিনি চান না নতুন করে অধ্যাপকদের নিয়োগ করতে। সেই কারণেই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়কে শূন্যপদের তালিকা পাঠাতেও নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। পার্থবাবু নতুন করে অধ্যাপক নিয়োগেরই পক্ষপাতী। এতে বেকার সমস্যাও কিয়দংশ দূরীভূত হবে বলে তিনি মনে করেন। তাই যতই আন্দোলন হোক নতুন করে অধ্যাপকদের নিয়োগ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
রাজ্যের শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তে অনড় থাকার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠে পড়ল আবার। এই সিদ্ধান্তের প্রতিবাদে 'লড়াই'-এর ডাক দিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। কাল থেকেই সেই আন্দোলন শুরু করছেন অধ্যাপকরা। তবে এখনও স্পষ্ট নয় যে, লড়াইটা যৌথভাবে হবে, নাকি আলাদা আলাদা। কালই ওয়েবকুটার পক্ষ থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনকে চিঠি দেওয়া হচ্ছে। তবে তৃণমূলের কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ওয়েবকুপা এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে।












Click it and Unblock the Notifications