কলকাতায় 'অবিশ্বাস'! অমিত শাহের মঞ্চ তৈরির মূল দায়িত্বে রাঁচির সংস্থা
মেদিনীপুরে মোদীর সভায় দুর্ঘটনার জেরে শনিবার কলকাতায় অমিত শাহের সভা নিয়ে সতর্ক রাজ্য বিজেপি নেতৃত্ব। থাকছে না শামিয়ানা। লোহার কাঠামো দিয়ে স্টেজ তৈরি করা হচ্ছে।
মেদিনীপুরে মোদীর সভায় দুর্ঘটনার জেরে শনিবার কলকাতায় অমিত শাহের সভা নিয়ে সতর্ক রাজ্য বিজেপি নেতৃত্ব। থাকছে না শামিয়ানা। লোহার কাঠামো দিয়ে স্টেজ তৈরি করা হচ্ছে। বদল করা হয়েছে দায়িত্বপ্রাপ্ত ডেকরেটার্সকে। বিজেপি নেতৃত্বের তরফে পিডব্লুডির কাছে মঞ্চ তৈরির কাজ খতিয়ে দেখার আবেদন করা হয়েছে।

রানি রাসমনি রোডে সভার অনুমতি না পেলেও, বিজেপির যুব মোর্চাকে মেয়ো রোডে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। সেখানেই চলছে মঞ্চ তৈরির কাজ। একেবারে লোহার কাঠামোর ওপর তৈরি হচ্ছে মঞ্চ। বৃহস্পতিবার মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেন বিজেপি-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী। বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে ছিলেন সায়ন্ত্বন বসু এবং রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা।
মেদিনীপুরে প্যান্ডেল বিপর্যয়ের জেরে ১১ অগাস্টের সভা নিয়ে আগে থেকেই সতর্ক বিজেপি। সভার দিন নিরাপত্তার স্বার্থে ড্রোন ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। মঞ্চ তৈরির কাজে রয়েছে বেলেঘাটার একটি ডেকরেটার্স সংস্থা। প্রযুক্তিগত দিক থেকে তাদের সাহায্য করছে রাঁচির একটি ডেকরেটার্স সংস্থা।
জানা গিয়েছে, রাঁচির ডেকরেটার্স সংস্থাই পুরুলিয়ায় অমিত শাহের সভার দিন মঞ্চ তৈরি করেছিল। রাজ্য বিজেপি সূত্রে খবর, কলকাতার কোনও ডেকরেটার্স সংস্থার কাজ পছন্দ না হওয়ায় তাদের পুরো দায়িত্ব দেওয়া হয়নি।
সূত্রের খবর অনুযায়ী, সভায় মঞ্চ তৈরির কাজ কোন ডেকরেটার্সকে দেওয়া হবে তা নিয়েও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে রাজ্য বিজেপিতে। মেদিনীপুরে প্রধানমন্ত্রী মোদীর সভার মঞ্চ তৈরির কাজ রাঁচির ডেকরেটার্স সংস্থাকে দিতে চেয়েছিল রাজ্য বিজেপির একটি গোষ্ঠী। কিন্তু অন্য গোষ্ঠীর জন্যই কলকাতার সংস্থা সেই মেদিনীপুরে মঞ্চ তৈরির কাজ পেয়েছিল। তবে এই কাজের পিছনে যুক্তিও ছিল। কলকাতার ওই সংস্থাই দীর্ঘদিন ধরে বিজেপির মঞ্চ তৈরির কাজ করেছে। তাই তাদেরকেই বেছে নেওয়া হয়েছিল।
দুর্ঘটনার পরে মঞ্চ ও শামিয়ানা তৈরির কাজ নিয়ে জবাবদিহি করতে হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্বকে। সূত্রের খবর অনুযায়ী, কলকাতায় অমিত শাহের মঞ্চ তৈরির কাজ কলকাতা ডেকরেটার্স সংস্থাকে দিয়ে করানোর সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে কেন্দ্রীয় নেতৃত্বের কথায় মঞ্চ তৈরির মূল দায়িত্ব রাঁচির সংস্থার হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যাদের সাহায্য করছে বেলেঘাটার একটি ডেকরাটার্স সংস্থা।












Click it and Unblock the Notifications