এসএসকেএম দুর্নীতিগ্রস্তদের আশ্রয়স্থল, কলকাতা হাইকোর্টে এবার জনস্বার্থ মামলা
এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধেই এবার জনস্বার্থ মামলা। এই সুপার স্পেশালিটি হাসপাতাল বিভিন্ন দুর্নীতিতে নাম থাকা অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে। এমনই গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ওই হাসপাতাল চিকিৎসা পরিষেবার অপব্যবহার করছে। আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের।
মামলাটি করেছেন কলকাতা হাইকোর্টেরই আইনজীবী রমাপ্রসাদ সরকার। মামলাকারীর দাবি, চিকিৎসার প্রয়োজন নেই। অথচ ওই হাসপাতালে প্রভাবশালীরা বেড দখল করে রেখেছেন। সেখানে তাঁদের 'ভণ্ড' চিকিৎসা চলছে। সাধারণ মানুষ বেড পাচ্ছেন না। আশঙ্কাজনক রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না।

মামলাকারীর আবেদন, ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের সব মেডিক্যাল রিপোর্ট আনা হোক। সেই সব রিপোর্ট যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের কোনও হাসপাতালকে দিয়ে। সিবিআই এবং ইডিকে নির্দেশ দিক আদালত। ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড আদালতে জমা করা হোক।
আইনজীবী রমাপ্রসাদ সরকারের বক্তব্য, বৃহত্তর জনগণের স্বার্থে এই মামলা করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে সকলের জন্য সমান চিকিৎসা করা হোক। প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব যেন না দেওয়া হয়।আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা আছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।
এসএসকেএম হাসপাতালে এর আগে বহু তৃণমূল নেতা - মন্ত্রী গ্রেফতার হওয়ার পর চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তদন্তকারীরা আর তাদের কাছে পৌঁছাতে পারেন না। এমন অভিযোগ বহু বার সামনে এসেছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে সুজয়কৃষ্ণ ভদ্র। এই তালিকা বেশ লম্বা।
হাসপাতালের চিকিৎসকরা তাদের আড়াল করে দেন বলে অভিযোগ। এসএসকেএম অভিযুক্ত নেতা - মন্ত্রীদের 'সেফ হোম'। বিরোধীদের থেকে এই কথা প্রায়ই খোঁচার আকারে শোনা যায়। এবার সেই হিসেবেই জনস্বার্থ মামলা দায়ের হল।
মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মামলায় এসএসকেএম হাসপাতালের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল ইডি। তারা দাবি করেছিল, চিকিৎসার প্রয়োজন না পড়লেও সেখানেও রেখে দেওয়া হচ্ছে। সুজয়কৃষ্ণের সামান্য মানসিক চাপ ছাড়া কোনও সমস্যা নেই।












Click it and Unblock the Notifications