SSC Scam: তালিকা দিচ্ছে না SSC! 'নিষ্প্রভ' বৈঠক, 'বন্দি' চেয়ারম্যান; ভবন ঘেরাও করে রাতভর 'শাস্তি' চাকরিহারাদের
SSC Scam: প্রতিশ্রুতি দিয়েও সোমবার এসএসসি যোগ্য শিক্ষকদের কোনও তালিকা বের করছে না। এসএসসি ভবনে বৈঠক শেষে বাইরে বেরিয়ে এমনই দাবি চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধির। বৈঠকে হতাশ হয়ে ক্ষোভে ফেটে পড়লেন তারা। চাকরিচ্যুতদের স্পষ্ট হুঁশিয়ারি, যতক্ষণ না পর্ষদ তালিকা বের করছে, ততক্ষণ বাইরে আচার্য সদন ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন তারা।
বাইরে চাকরিহারা শিক্ষকদের তুমুল বিক্ষোভ। ভেতরে কার্যত বন্দি এসএসসির চেয়ারপার্সন ও আধিকারিকরা। বৈঠক শেষে বেরিয়ে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি বলেন, "এক বছরের মধ্যে নিয়োগ করতে কে বারণ করেছিল? সম্মান নিয়ে ছেলেখেলা করছে। এসএসসি বলছে ২-৩ দিন সময় লাগবে। আজ কোনও তালিকা প্রকাশ করছেন না। আমরা ঘেরাও করছি। ওনারা অফিসে বসে কাজ করুন। আমরা বাইরে বসে কাজ করছি। অযোগ্য বলা, ইয়ার্কি পেয়েছে?"

হয় তালিকা দিন, নাহলে মুখ্যমন্ত্রী ২ কোটি টাকা দিয়ে সকলের সামনে দায় স্বীকার করে নিন, দাবি চাকরিহারাদের একাংশের। তাঁদের কড়া বার্তা, "ওএমআর কপি না দিলে উঠছি না। ললিপপ নিয়ে বাড়ি যাব না। চেয়ারম্যানকে আজ সিংহাসন থেকে নামাব। আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এসএসসি।" এরপরই এসএসসি ভবনের সব গেট ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারা শিক্ষকরা।
এসএসসি ভবনের বাইরে কাউকে বেরোতে দেবেন না বলে জানান তারা। বিক্ষোভরতরা জানান, "চেয়ারম্যানকে তালিকা দিয়ে তবেই বেরোতে হবে। প্রয়োজনে আমাদের গুলি করে দিক, মেরে দিক। কিন্তু এখান থেকে আমরা নড়ছি না। আমরা বাইরে আন্দোলন করব, আর ওনারা ঠান্ডা ঘরে বসে কাজ করে চলে যাবে, এটা হতে পারে না।" এসএসসি ভবন ঘেরাও করে রাতভর অবস্থান চলবে বলে জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকরা।
এসএসসি ভবনের ভেতরে খাবারও ঢুকতে দিল না চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, "দিনভর প্রতিবাদ করছি। তালিকার অপেক্ষায় বসে রয়েছি। পেটে কিছু নেই। ব্যাগে জলটাও শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় উনি কী করে এসি ঘরে বসে খাওয়াদাওয়া করবেন? বিরিয়ানি, ধোসা কোন লজ্জায় খাবেন?" গেটের বাইরেই খাবার আটকে দিলেন চাকরিহারা শিক্ষকরা।












Click it and Unblock the Notifications