বিকাশ ভবন থেকে ফোন! সোমবার ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক SSC চাকরিপ্রার্থীদের
সোমবার আন্দোলনরত এসএসসির চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আন্দোলনকারীদের আবেদন পেয়ে বৈঠকের উদ্যোগ নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতরষ তারপর এদিন বিকাশ ভবনের তরফে সোমবারের বৈঠকের কথা জানানো হয়েছে। আন্দোলনকারীদের সাতজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিকাশ ভবনে।
এদিন ধর্মতলায় এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলনের হাজারতম দিনে সেখানে যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সেখানে দীর্ঘক্ষণ চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন, মঞ্চ থেকেই তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তারপরেই বৈঠকের ব্যাপারে আশাবাদী এসএলএসটি চাকরি প্রার্থীদের একাংশ।

এদিন কুণাল ঘোষ গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের ধর্না মঞ্চে পৌঁছতেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ক্যামেরার সামনেই চাকরি প্রার্থীদের একাংশ চোর চোর স্লোগান তোলেন। বিক্ষুব্ধ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি চোর ধরো জেলে ভরো স্লোগান তোলেন। ধর্না মঞ্চে সরকারি দলের প্রতিনিধিদের যাওয়াকে তিনি নাটক বলেও কটাক্ষ করেন।
নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ অবস্থান হাজার দিনে পড়েছে। এই আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, আলোচনার আবেদন পেলে রাজ্য সরকার তা নিয়ে এগোবে। শনিবার এব্যাপারে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে ফোন যায় বিকাশ ভবন থেকে।
প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে গত ২৯ অগাস্ট কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করা এসএসসির চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় ব্রাত্য বসু ছাড়াও কুণাল ঘোষও সেখানে উপস্থিত ছিলেন। সেই সময়ই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে কথা হয়েছিল।
শনিবার একদিকে ধর্না মঞ্চে তৃণমূলের প্রতিনিধি অন্যদিকে বিকাশ ভবন থেকে আলোচনার আহ্বানে করা ফোনে আন্দোলনরত চাকরি প্রার্থীদের একাংশ আশাবাদী। তাঁরা বলছেন, নতুন বছরে চাকরির ব্যাপারে তাঁরা আশাবাদী।












Click it and Unblock the Notifications