Spurious Drugs Kolkata: নাড্ডার মন্ত্রকের নির্দেশে তল্লাশি, কলকাতা থেকে বাজেয়াপ্ত ৬.৬০ কোটি টাকার ভেজাল ওষুধ
Spurious Drugs seized in Kolkata: খাস কলকাতা থেকে উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল ওষুধ। ক্যান্সার, ডায়াবেটিস-সহ বিভিন্ন রোগের ভেজাল ওষুধ গত ২৪ ঘণ্টায় উদ্ধার করা হয়েছে শহর কলকাতা থেকে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পূর্বাঞ্চলীয় শাখা ও ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেটের যৌথ অভিযানে কলকাতা থেকে ৬.৬০ কোটি টাকার ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে।
ভেজাল ওষুধ নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের কড়া নির্দেশিকার পরই দেশের বিভিন্ন প্রান্তে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু হয়। সেই অনুযায়ী কলকাতাতেও তল্লাশি চালানো হয়। কলকাতার 'মিসেস কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ' নামক পাইকারী ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে ওই বিপুল পরিমাণ ভেজাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে।

মঙ্গলবার বিবৃতি জারি করে এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)। বিবৃতিতে আরও বলা হয়, বাজেয়াপ্ত হওয়া ওষুধগুলি আয়ারল্যান্ড, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে তৈরি হয়েছে। বৈধ কোনও কাগজ ছাড়াই সেগুলি ভারতে আমদানি করা হয়েছে।
বৈধ কাগজ না থাকায় এগুলি ভেজাল ওষুধ হিসেবে গণ্য করা হয়েছে। সিল খোলা প্যাকেট সমেত অনেক ওষুধ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের মোট বাজারমূল্য ৬.৬০ কোটি টাকা। ওষুধের স্যাম্পেল পাঠানো হয়েছে গুণগতমান যাচাইয়ের জন্য।
ইতিমধ্যেই ওই পাইকারি সংস্থার মালকিনকে গ্রেফতার করেছেন তদন্তকারী আধিকারিকরা। আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তকে। ভেজাল ওষুধের বিরুদ্ধে আগামিদিনেও কড়া অবস্থান নেবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।
বিবৃতিতে তারা জানিয়েছে, ভেজাল ওষুধ বাজারে ছড়িয়ে যাওয়া রুখতে সরকারের জিরো টলারেন্স পলিসি। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) ও রাজ্য প্রশাসন যৌথভাবে এই তদন্ত চালিয়ে যাবে। বাজারে ভেজাল ওষুধের রমরমা হলে স্বাস্থ্যক্ষেত্রে আগামিদিনে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে। তাই যাতে তা না হয়, নিশ্চিত করতে কড়া ভূমিকা নেবে স্বাস্থ্য দফতর।












Click it and Unblock the Notifications