বাসন্তী এক্সপ্রেসওয়ের ধারে খালে গাড়ি, মৃত গাড়িচালক
দ্রুতগতিতে যেতে গিয়ে বাসন্তী এক্সপ্রেসওয়ের ধারে আরুপোতা খালে গাড়ি পড়ে মৃত । মৃত ব্যক্তি হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ।
ফের দুর্ঘটনা বাসন্তী এক্সপ্রেসওয়ের ধারে আরুপোতা খালে। এবার খালের মধ্যে গাড়ি পড়ে মৃত্যু হল হাওড়ার এক বাসিন্দার। নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় গাড়িটি। গাড়ির ভেতর থেকেই ওই যুবকের দেহ উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ।

বাসন্তী এক্সপ্রেসওয়েত দুর্ঘটনা নতুন কোনও খবর নয়। এক্সপ্রেসওয়ের তীক্ষ্ণ বাঁকগুলিতে নিয়ন্ত্রণ রাখতে না পেরে এর আগেও খালে পড়ে বহু দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৬টা নাগাদ আরুপোতা খালে দুর্ঘটনার খবর ঘটনাস্থলে যায় তিলজলা ট্রাফিক গার্ড। খবর দেওয়া হয় স্থানীয় আনন্দপুর থানাতেও। খাল থেকে গাড়ি উদ্ধার করে। গাড়ির ভেতর থেকেই উদ্ধার করা হয় চালকের দেহ। মৃতদেহটি উৎসব আগরওয়াল নামে ৩৩ বছরের এক যুবকের বলে জানতে পেরেছে পুলিশ। তদন্তে নেমে জানা গিয়েছে, মৃত যুবক সল্টলেকে একটি ক্যান্টিন চালাতেন। তিনি হাওড়ার বৈকুণ্ঠ চ্যাটার্জি লেনের বাসিন্দা বলে জানা গিয়েছে।

তদন্তে নেমে আনন্দপুর থানার পুলিশ জানতে পারে গাড়িটির রেজিস্ট্রেশন কলকাতার একটি প্রকাশনী সংস্থার নামে। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় গাড়িটি কিছুদিন আগেই তাঁরা বিক্রি করে দিয়েছে। উৎসব আগরওয়ালের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন কিনা তাও জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টে।












Click it and Unblock the Notifications