পার্থর জন্য আজও মন কাঁদে! রাজনীতিতে হাতে খড়ির সেদিন নিয়ে স্মৃতিমেদুর শোভনদেব
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) , পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম মুখে আনেন না। অন্যদিকে দলের অপর সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলছেন, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বের করে দেওয়া হয়েছে। সেই
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) , পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম মুখে আনেন না। অন্যদিকে দলের অপর সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলছেন, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বের করে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য এখনও মন কাঁদে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) । পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি তাঁর দুর্বলতা আছে বলেও জানিয়েছেন তিনি।

পার্থকে এভাবে দেখতে চাইনি
এদিন খড়দহে এক প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই উঠে আসে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ। সেই সময় শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, পার্থকে তিনি এভাবে দেখতে চাননি।

আশুতোষ কলেজে পরিচয়
শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন আশুতোষ কলেজে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয়। তাঁর হাতে ধরেই ছাত্র রাজনীতিতে প্রবেশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যোগ দিয়েছিলেন ছাত্র পরিষদে। পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই ডিএসও-র থেকে ছাত্র সংসদের দখল এসেছিল ছাত্র পরিষদের হাতে। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, একটা রোগা- ফ্রেঞ্চকাট দাড়িওয়ালা ছেলে তাঁর বাড়িতে গিয়েছিল। সেই সময় নাম জিজ্ঞাসা করেছিলেন। প্রশ্ন ছিল ছাত্র সংগঠন করতে পারবে কিনা। সে বলেছিল পারব। সাহস ছিল পার্থ চট্টোপাধ্যায়ের।

শোভনদেব ছিলেন স্নেহশীল দাদা
পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি তিনি যে স্নেহশীল ছিলেন, তা নিজেই জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রতিদিন কলেজে দাঁড়িয়ে থাকতেন, যাতে কেউ তাঁর (পার্থ) গায়ে হাত দিতে না পারে। এইসব কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি তাঁর দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসার মন্ত্রী।

মানবেন দলের সিদ্ধান্ত
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার পরে দল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করলেও, পার্থ চট্টোপাধ্যায়ের নাম মুখে আনেন না। অন্যদিকে সৌগত রায় বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বের করে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, এব্যাপারে তিনি কোনও মন্তব্য করবেন না। দল যা সিদ্ধান্ত নেবে, তা তিনি মেনে নেবেন। তবে সমগ্র বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন শোভনদেব। তিনি পার্থ চট্টোপাধ্যায়কে এইভাবে দেখতে চাননি বলেও জানিয়েছেন।
ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়েও এদিন মন্তব্য করতে শোনা গিয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনি বলেছেন, আশুতোষ কলেজে একটা সময় দাপাদাপি করেছে এসইউসিআই-এর ছেলেরা। অন্যদের মারধরও করেছে। তৎকালীন ভাইস প্রিন্সিপাল তাঁকে বলেছিলেন, তিনি (শোভনদেব) যখন কলেজে ছিলেন, সেই সময় এমন পরিস্থিতি ছিল না।












Click it and Unblock the Notifications