পঞ্চায়েতের ঢাকে কাঠি পড়তেই সক্রিয় শোভন, গুরুদায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই শোভনবাবুকে দেখা গেল সক্রিয় মেজাজে। তাই কালক্ষেপ না করে তিনি রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে বৈঠক করলেন।
পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই সমস্ত ক্ষোভ সরিয়ে সক্রিয় হচ্ছেন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তিনি আবার দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতিও। এতএব তাঁর উপর গুরু দায়িত্বও রয়েছে। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই শোভনবাবুকে দেখা গেল সক্রিয় মেজাজে। তাই কালক্ষেপ না করে তিনি রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে বৈঠক করলেন এবং পঞ্চায়েতের কাজে ঝাঁপিয়ে পড়ার কথা জানালেন।

ফের আগের মতোই শোভন চট্টোপাধ্যায়কে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে স্বমহিমায় পাওয়া যাবে। নিজেই সেকথা জানান শোভনবাবু। তিনি বলেন, দলের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা এখন অতীত। সব মিটমাট হয়ে গিয়েছে, তিনি এবার পঞ্চায়েতকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়বেন ভোটের কাজে। মেয়রের দায়িত্ব ও মন্ত্রিত্ব সামলেও তিনি জেলার সংগঠনে কাজ করার জন্য প্রস্তুত।
বিগত মাস দুই-তিনেক ধরে মেয়র শোভন চট্টোপাধ্যায় বিব্রত ছিলেন নিজের পারিবারিক সমস্যা নিয়ে। তার ফলেই দূরত্ব তৈরি হচ্ছিল দলের সঙ্গে। এখনও অবশ্যা তাঁর পারিবারিক সমস্যা পুরোপুরি মেটেনি। তবে আগের থেকে তিনি অনেক স্থিতাবস্থায় ফিরেছেন। সম্প্রতি বেশ কিছু দলীয় সভাতেও তাঁকে দেখা গিয়েছে। তার থেকেও বড় কথা রাজ্যসভা ভোটের দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ খানিকক্ষণ বৈঠক করেন শোভন। তাতেই দলের সঙ্গে দূরত্ব ঘুচে যায় বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা।
পঞ্চায়েতে নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এদিনই পঞ্চায়েতের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তার আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার বৈঠকে শোভন চট্টোপাধ্যায়কে পুরনো ফর্মে দেখা গিয়েছে। তা দেখে আশ্বস্ত তৃণমূল কংগ্রেস। তারপরই রবিবার রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে দেখা করে নিজের দায়িত্ব বুঝে নেন শোভন। এবং সেই দায়িত্ব যে তিনি অক্ষরে অক্ষরে পালন করতে প্রস্তুত, তা বুঝিয়ে দিয়েছে রাজ্য সভাপতিকে।
এর আগে শোভনের সঙ্গে দূরত্ব বৃদ্ধিতে দক্ষিণ ২৪ পরগনা জেলায় পঞ্চায়েত ভোটের জন্য অন্য মুখকে এগিয়ে দেয় তৃণমূল। মেয়র শোভ চট্টোপাধ্যায় জেলার সভাপতি হিসেবে তাঁদের সঙ্গে সমন্বয় রেখেই চলবেন বলে জানিয়ে দেন। এবং তিনি যে আগের মতোই সক্রিয় হবেন, তাও নিশ্চিত করেন।












Click it and Unblock the Notifications