রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন শোভন-বৈশাখী! রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন শোভন, বৈশাখী! রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
কোনও সভায় দেখা না গেলেও বিজেপিতে 'সক্রিয়' হয়েছেন শোভন চট্টোপাধ্যায় ( sovan chatterjee) এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (baishakihi banerjee)। গতমাসে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন। এরপর এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠক চাউড় হতেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

রাজ্যপালের সঙ্গে শোভন, বৈশাখীর বৈঠক
রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটের পরে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। তবে কোন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে তা নিয়ে অবশ্য জল্পনা তৈরি হয়েছে। শোভন চট্টোপাধ্যায় কিংবা বৈশাখী বন্দ্যোপাধ্যায় কেউই বৈঠকের রাজনৈতিক তাৎপর্য নিয়ে কিছুই বলচে চাননি।

আলোচনা হতে পারে বৈশাখীর কলেজ নিয়ে
অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সূত্রে খবর, তিনি মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষ ছিলেন। সেখানে দীর্ঘদিন ধরেই অচলাবস্থা। তিনি সেই কলেজ থেকে পদত্যাগ করার পরেও তাঁর ওপরে সেখানকার দায় চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হওয়ায় এবং রাজ্যপাল আচার্য হওয়ায় বিষয়টি রাজ্যপালের সামনে তিনি রাখবেন। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে কলেজের বিষয় নিয়ে বহুবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন।

কথা হবে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও
তবে রাজনৈতিক মহলের একাংশ বলছেন, যেখানে রাজ্যপাল এত রাজনৈতিক সচেতন, রাজ্যের কোনও কিছু হলেই তা নিয়ে টুইট করেন, সেই পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের মতো রৈজনাতিক নেতার বৈঠকে রাজনৈতিক কথা উঠবে না, তা বলা যায় না। সেক্ষেত্রে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার।

অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন, বৈশাখী
গতমাসের ৪ ও ৫ তারিখ কলকাতায় ছিলেন অমিত শাহ। ব্যস্ততার মধ্যেও ৫ তারিখ রাতে নিউটাউনের পাঁচতারা হোটেলে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই সময় শোভন চট্টোপাধ্যায়ের হাতে একটি ফাইল দেখা গিয়েছিল। অনেকেই বলছেন, সেদনি রাজ্য সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অমিত শাহের হাতে তুলে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। বৈঠক ফলপ্রসু হয়েছে বলেও জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়।
রাজনৈতির পর্যবেক্ষকদের একাংশ বলছেন, অমিত শাহের সঙ্গে বৈঠকের মতোই এদিন রাজ্যপালের সঙ্গে শোভন, বৈশাখীর বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications