ক্রিকেট ছেড়ে বিনোদন জগতেও 'বাপি বাড়ি যা', টলি তারকাদের টেক্কা সৌরভের
ক্রিকেট ছেড়ে বিনোদন জগতেও 'বাপি বাড়ি যা', টলি তারকাদের টেক্কা সৌরভের
ক্রিকেট ছেড়েছেন এক যুগেরও বেশি সময় আগে। ইতিমধ্যে সফল ক্রিকেট প্রশাসক হিসেবে ভারতীয় ক্রিকেটে ফের উত্থান ঘটেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর নজর রয়েছে ফুটবলেও। নিজস্ব মালিকানাধীন ক্লাব এটিকে-মোহনবাগানের পাশাপাশি পিছিয়ে পড়া ইস্টবেঙ্গলের পাশে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলকে ফের নতুন আলোয় আলোকিত করার আশা জোগাতে বড় ভূমিকা নিয়েছেন মহারাজ। রয়েছে আরও একটি দিক, যেখানে তিলে তিলে নিজেকে সাবলীল করে তুলেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক। বিনোদন জগতেও নিয়মিত দাগ কেটে চলেছেন দাদা। টেক্কা দিয়ে চলেছে টলি তারকাদের।

দাদাগিরি আনলিমিটেড
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও প্রায় পাঁচ বছর তিনি আইপিএলে ক্রিকেটার হিসেবে অংশ নিয়েছিলেন। ইতিমধ্যে ২০০৯ সালে বাংলার জনপ্রিয় বিনোদন চ্যানেলে শুরু হয়ে গিয়েছিল রিয়ালিটি শো। যার মুখ্য ভূমিকায় ছিলেন স্বয়ং বাংলার মহারাজ।

বাউন্সি পিচে শুরুটা হয়েছিল রক্ষণাত্মক
বাইশ গজ থেকে সরাসরি বিনোদন মিডিয়ার আলোর ঝলকানি চোখে নিয়ে অনর্গল কথা বলে যাওয়াটা লাজুক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে যে খুব একটা সহজ কাজ ছিল না, তা আর বলার অপেক্ষা রাখে না। তবু তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন। যেমনটা নিতেন বাইশ গজে, নেতার মুকুটে, হোঁচট খেয়েও উঠে দাঁড়াতেন সোজা হয়ে, ঠিক তেমনই তিল তিল করে নিজেকে বদলে ফেলেন মহারাজ। বিনোদন জগতেও অপরিহার্য হয়ে ওঠেন দাদা। ঠিক যেন বাউন্সি পিচে শুরুর দিকে বল ছেড়ে দিয়ে স্লগ ওভারে 'বাপি বাড়ি যা'।

টিআরপি বেড়েই চলেছে
মাঝের কয়েক বছর বিশ্রামে ছিলেন মহারাজ। জনপ্রিয় রিয়ালিটি শো-এর ব্যাটন তুলে দেওয়া বাংলার আরও এক গর্বিত সন্তান অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাতে। তাতে মন ভরছিল না বিনোদন প্রিয় মানুষের। দাদাকে ছাড়া দাদাগিরি যেন মেনে নেওয়াই যাচ্ছিল না। তাই ফের সৌরভের মাথাতেই তাজ পরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেখান থেকেই ওই অনুষ্ঠানের উত্থান শুরু হয়েছিল। নিজেকে ঘষেমেজে, আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়ে সৌরভ হয়েছিলেন পাকাপোক্ত প্রেসেন্টার। ২০০০-এর ম্যাচ ফিক্সিং কাণ্ডের অন্ধকার থেকে ভারতীয় ক্রিকেট টেনে তোলার মতোই দাদাগিরিকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন যে তা এখন ধরাছোঁয়াপ বাইরে।

টলি তারকাদের টেক্কা
বাংলার বিনোদন চ্যানেলগুলিতে রিয়ালিটি শোয়ের অভাব নেই। সবেতেই নামিদামী টলি তারকাদের ভিড়। সবাইকে ছাপিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি যে এতটা সাফল্য পাবে, তা হয়তো অনেকে ভাবতেই পারেননি।

বিনোদন জগতের পরিচিত মুখ
বলতে বাধা নেই, দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এখন বিনোদন জগতের পরিচিত মুখ। দাদাগিরি এবং বিভিন্ন বিজ্ঞাপনের পাশাপাশি আইপিএল ২০২০ নিয়ে তৈরি হওয়া সিনেমাতেও মুখ দেখিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ। মহারাজের স্ক্রিণ প্রেজেন্স দেখে তাঁকে নিজের সিনেমার নায়ক ভেবেছিলেন ঋতুপর্ণ ঘোষও।












Click it and Unblock the Notifications