RG Kar: সমালোচনার মুখে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন সৌরভ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব দাদা
গত রবিবারই আরজি কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁর বক্তব্যে নিয়ে সমালোচনার ঝড় উঠে। তীব্র সমালোচনার মুখে পড়ে শনিবার ফের একবার দোষীদের কড়া শাস্তির দাবিতে সরব হলেন দাদা।
গত রবিবার আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন সৌরভ। ঘটনার তীব্র নিন্দা করলেও রাজ্যে মহিলাদের নিরাপত্তাহীনতার কথা মানতে চাননি মহারাজ। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয় সমালোচনা। বঙ্গ আইকনকে তীব্র সমালোচিত হতে হয় তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে। শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আরজি কর কাণ্ড এবং তাঁর মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন সৌরভ।

গত রবিবার সৌরভ বলেছিলেন, 'খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই।এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।'
একইসঙ্গে সৌরভ বলেছিলেন, 'একটা ঘটনা দিয়ে সবকিছুকে বিচার করা উচিৎ নয় ভারত এবং বাংলা মহিলাদের জন্য নিরাপদ। তা সত্ত্বেও এরকম কোনও ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে নিরাপত্তা আরও বাড়াতে হবে।"
শনিবার সৌরভ বলেন, 'আমি গত রবিবার এই বিষয়ে কথা বলেছিলাম তারপর জানি না কীভাবে এটার ব্যাখ্যা হয়েছে। আমি আবারও বলছি এটা অত্যন্ত কলঙ্কজনক ঘটনা। বিষয়টি এখন অনেক দূর এগিয়েছে। সিবিআই-পুলিশ তদন্ত করছে। এটা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাজনক ঘটনা। আশা করছি সিবিআই সহ বাকি যারা তদন্ত করছে দোষীদের খুঁজে বার করবে, কড়া শাস্তি দেওয়া উচিৎ। এমন শাস্তি যাতে মানুষ আর এই কর্ম করার কথা না ভাবে।'
আরজি কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য তথা দেশের চিকিৎসা মহল। খোদ সরকারি হাসপাতালের চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা দেখে শিউরে উঠছে গোটা দেশ। নিন্দা-প্রতিবাদের ঝড় উঠেছে সব মহল থেকেই।আন্দোলন, বিক্ষোভে উত্তাল বঙ্গ মেডিকেল মহল। আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
শনিবার সৌরভ আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বলেছেন, ''প্রতিবাদ আন্দোলনের সিদ্ধান্ত একদম সঠিক। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে চিকিৎসা ব্যবস্থা যেন ব্যাহত না হয়। স্বাস্থ্য দফতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভাগ। জরুরি বিভাগে চিকিৎসকদের প্রয়োজন মানুষের।' সৌরভের পাশাপাশি ঋদ্ধিমান, বুমরাহ, সিরাজরা এই ইস্যুতে প্রতিবাদে সরব হয়েছেন।












Click it and Unblock the Notifications