ক্রমেই জালে জড়াচ্ছেন বিক্রম ? চার বান্ধবীর গোপন জবানবন্দিতে নয়া মোড় সনিকা মৃত্যু তদন্তে
সনিকার মৃত্যু তদন্তে গোপন জবানবন্দি দিলেন তাঁর চার বান্ধবী। অবিলম্বে যাতে সত্য সামনে আসে সেই দাবি নিয়েই বৃহস্পতিবার তাঁরা হাজির হয়েছিলেন আলিপুর কোর্টে।
এখনও সনিকা মৃত্যু রহস্যের জট খোলেনি। ৩৫ মিনিটের মিসিং লিঙ্কের হদিশ পায়নি সিট। এরই মধ্যে সনিকার চার বান্ধবী গোপন জবানবন্দি দিতে চেয়ে আবেদন করে পুলিশের কাছে। সেইমতো পুলিশ আলিপুর কোর্টে আবেদন জানায়। বৃহস্পতিবার আলিপুর আদালতে গিয়ে চার বান্ধবী বিচারকের সামনে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি দেন।
অবিলম্বে যাতে সত্য সামনে আসে সেই দাবিও জানান সনিকার এই চার বান্ধবী। সিরিন আসফাক, অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, পৃথা গুহ ও নাজিয়া পারভিন নামে এই চার বান্ধবী বিক্রমকে ভাল করে চিনতেন শুধু নয় তাঁরা একে অপরের বন্ধুও। ২৯ এপ্রিলের আগের রাতে সনিকা ও বিক্রমের সঙ্গে পার্টিতে সঙ্গ দিয়েছিলেন এই চার জন।

তাঁরা চাক্ষুষ করেছিলেন বিক্রম কী অবস্থায় ছিলেন। তিনি মদ খেয়েছিলেন কি না? আদৌ গাড়ি চালানোর মতো পরিস্থিতিতে ছিলেন কি না ? এসবের অনেকাংশ স্পষ্ট হবে চার বান্ধবীর গোপন জবানবন্দিতে। তাই এই জবানবন্দিগুলির সনিকা মৃত্যু তদন্তে গুরুত্ব রয়েছে বলেও মনে করছে পুলিশ।
সনিকার বয়ফ্রেন্ড সাহেব ভট্টাচার্যর গাড়িতে শিরিন, অঙ্কিতা, পৃথ্বা এবং নাজিয়া আলিপুর আদালতে যান। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সময় বিক্রমের মদ খাওয়া বা না খাওয়া নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি সাহেব। তবে, তিনি বলেন, যেটাই ঘটুক সত্যটা সামনে আসা জরুরি।
সাহেবের সঙ্গেই নভেম্বরে বিয়ের কথা চূড়ান্ত হয়েছিল সনিকার। কিন্তু, বুধবার পুলিশি জেরায় বিক্রম বেশকিছু ঘনিষ্ঠ এসএমএস এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দেখান। এগুলি সবই সনিকা তাঁকে পাঠিয়েছিলেন বলে দাবিও করেন বিক্রম। এর উত্তরে বিক্রম কী মেসেজ সনিকাকে পাঠিয়েছিলেন তাও নাকি তিনি তদন্তকারী সিটকে দেখান। পুলিশের অনুমান গত চারমাস ধরেই সনিকা ও বিক্রমের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল। এই বিষয়টি সনিকার বয়ফ্রেন্ড সাহেব জানতেন কি না সে ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি।
এদিকে সনিকা মৃত্যু তদন্তে গঠিত সিট বৃহস্পতিবার রুবি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জেরা করে। তাঁদের বয়ান রেকর্ড করা হয়। সেদিন বিক্রম ও সনিকা কী অবস্থায় এসেছিল, তা জানতে চাওয়া হয় চিকিৎসক ও নার্সদের কাছে। প্রথমে প্রাথমিক চিকিৎসার পর বিক্রমকে ছেড়ে দেওয়া হলেও, ফের কেন তাঁকে ভর্তি করা হয়েছিল, এই নিয়েও চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ।












Click it and Unblock the Notifications