পদে নেই রাহুল, দায়িত্বভার ছাড়তে চেয়ে পদত্যাগের চিঠি সোমেন মিত্রর, কী বলছে কংগ্রেস হাইকম্যান্ড
প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চেয়ে এআইসিসি-কে চিঠি পাঠিয়েছেন সোমেন মিত্র।
প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চেয়ে এআইসিসি-কে চিঠি পাঠিয়েছেন সোমেন মিত্র। রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি পদে পদত্যাগের পর সোমেন মিত্রও আর পদ আঁকড়ে থাকতে নারাজ। লোকসভা নির্বাচনে রাজ্যে বিপর্যয়ের দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন সোমেন মিত্র।

কংগ্রেসের তরফে প্রেস বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র গত ২৪ মে-ই লোকসভা নির্বাচনে বিপর্যয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন। যদিও লোকসভা নির্বাচনের পাঁচ মাস আগে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি মনোনীত হন। তাও তিনি ভোটের পরই পদত্যাগ করতে চেয়েছিলেন। তবে সহকর্মীদের অনুরোধে তিনি প্রদেশ সভাপতির কাজ চালিয়ে যাচ্ছিলেন।
এদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগ কংগ্রেস ওয়ার্কিং কমিটি গ্রহণ না করায়, সোমেন আশা করেছিলেন যে রাহুল গান্ধীই সভাপতি থাকবেন। কিন্তু রাহুল গান্ধীর অনড় মনোভাবের পরে তাঁর বক্তব্য, রাহুল গান্ধীই তাঁকে সভাপতির দায়িত্ব দেন। যখন তিনিই কংগ্রেস সভাপতি থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তখন আমারও প্রদেশ সভাপতির দায়িত্ব আঁকড়ে থাকার কোনও মানে হয় না।
ফলে সোমেন মিত্র রবিবারই তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এর আগেও ১৯৯৮ সালে, বাংলায় লোকসভা নির্বাচনে ভরাডুবির দায়িত্ব নিজের কাঁধে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দিয়েছিলেন সকলের প্রিয় ছোড়দা।
যদিও সোমেন মিত্রের পদত্যাগ গৃহীত হবে না বলে রাজ্যে এআইসিসি-র ভারপ্রাপ্ত পর্যবেক্ষক গৌরভ গগৈ জানিয়ে দিয়েছেন। সোমেন মিত্রকে নতুন উদ্যমে কাজ চালিয়ে যেতে বলেছেন তিনি। এমনকী আগামী ১৯ জুলাই জেলা কংগ্রেস সভাপতিদের নিয়ে ডাকা সভা থেকেই প্রদেশ কংগ্রেসের ভবিষ্যতের রোডম্যাপ তৈরির নির্দেশও দিয়েছেন।












Click it and Unblock the Notifications