এসআইআরে বিবেচনাধীনদের প্রথম তালিকা প্রকাশ কবে? নিরাপত্তা খতিয়ে দেখছে হাইকোর্ট, তলব প্রশাসনকে
সম্ভবত আগামী শুক্রবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে। এর আগে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্যের স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারকে বৈঠকে ডেকেছেন। শুক্রবারই সকাল ১০টায় এই বৈঠক হবে, যেখানে প্রধান বিচারপতি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইতে পারেন।
গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন 'যোগ্য’ ভোটার চিহ্নিত হয়েছেন। তবে, প্রায় ৬০ লক্ষের বেশি নাম 'বিচারাধীন’ রয়েছে। কমিশন জানিয়েছে, ২৩ লক্ষ ৩০ হাজার নামের ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। হাইকোর্টের তত্ত্বাবধানে ৭০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিক দ্রুত এই কাজ সম্পন্ন করছেন।

রাজ্যের ২৯৪টি আসনে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে, ফল ৪ মে। পূর্ণাঙ্গ তালিকা ছাড়া নির্বাচন প্রক্রিয়া কঠিন। তাই নির্ধারিত সময়ে বিচারাধীন নামগুলির নিষ্পত্তি না হলে, অনেক ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, সেই প্রশ্ন থাকছে।
তালিকা থেকে বাদ পড়া ভোটারদের জন্য আইনি পথ খোলা রয়েছে। তাঁরা বিশেষ ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন দাবি করেছে, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতেই নির্ঘণ্ট ঘোষণার পর প্রশাসনে বদল আনা হয়েছে। অতিরিক্ত তালিকা প্রকাশ ঘিরে উত্তেজনা যাতে না ছড়ায়, সেটাই এখন আদালত সর্বাগ্রে নিশ্চিত করতে চাইছে।












Click it and Unblock the Notifications