অনলাইনেও মিলবে এসআইআর-এর এনুমারেশন ফর্ম, কারা কীভাবে পূরণ করবেন, জেনে নিন বিস্তারিত
বৃহস্পতিবার থেকে এসআইআর-এর এনুমারেশন ফর্ম অনলাইনেও পাওয়া যাবে। এই ফর্ম কারা পূরণ করতে পারবেন এবং কীভাবে করবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। আগ্রহীরা কমিশনের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এই ফর্ম পূরণ করতে পারবেন।
এর আগে মঙ্গলবার থেকে বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও) রাজ্যজুড়ে এনুমারেশন ফর্ম বিতরণ শুরু করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, যারা সশরীরে বিএলও-দের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তারা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। মূলত কর্মসূত্রে বাইরে থাকা ব্যক্তিদের সুবিধার জন্যই এই অনলাইন ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার থেকেই অনলাইনে ফর্ম পূরণের কথা থাকলেও, প্রযুক্তিগত ত্রুটির কারণে তা করা সম্ভব হয়নি। কমিশন জানিয়েছিল, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অবশেষে বুধবার অনলাইনে ফর্ম পাওয়ার দিন ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট (https://ceowestbengal.wb.gov.in/) এবং কমিশনের অ্যাপ ecinet-এ এই অনলাইন এনুমারেশন ফর্ম পাওয়া যাবে।
কমিশনের এক সিনিয়র আধিকারিক জানান, “ফর্মগুলি অনলাইনে চলে এলে, যারা বিএলও-দের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তারা অনলাইনেই ফর্ম পূরণ করে জমা করতে পারবেন। প্রথমে ফর্মটি ডাউনলোড করতে হবে এবং অনলাইনে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বিস্তারিত বলা থাকবে।”
ইতিমধ্যে রাজ্যজুড়ে ৮০ হাজারের বেশি বিএলওকে এসআইআর-এর কাজে নিয়োগ করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন। কোনও ডকুমেন্ট তাদের হাতে দিতে হবে না বলেও কমিশন জানিয়েছে।












Click it and Unblock the Notifications