High Court: জাতীয় সঙ্গীত গাওয়া সম্মানের জন্য না কি অন্যকে ফাঁসানোর জন্য? প্রশ্ন বিচারপতির
জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় বড়সড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। পুলিশের তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
২৯ নভেম্বর বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড হয়েছিল। শাসক - বিরোধী দুই শিবিরই বিধানসভায় ধর্না কর্মসূচি করেছিল। একে অপরকে 'চোর' স্লোগানও দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই এইসব চলছে দুপুর থেকে বিকেল পর্যন্ত। বিধানসভা অতীতে এই জিনিস দেখেনি। তেমনই মত ওয়াকিবহাল মহলের।

ওই দিনই অভিযোগ ওঠে বিরোধী দল বিজেপির বিধায়করা জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বিরোধীরা দাঁড়াননি। আজ বৃহস্পতিবার বিধানসভার ভিডিও ফুটেজ দেখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরপরেই প্রশ্নবাণ আসে বিচারপতির পক্ষ থেকে।
"যে ক্যামেরার ফুটেজ আমি দেখতে পাচ্ছি, সেখানে শুধু শাসক দলের ফুটেজ দেখতে পাচ্ছি। আর কারোর জমায়েত দেখতে পাচ্ছি না। তাহলে বিজেপি বিধায়করা জাতীয় সঙ্গীত শুনতে পাবেন কী করে?" প্রশ্ন করেন বিচারপতি জয় সেনগুপ্ত। ওটা অন্য ক্যামেরায় আছে। এমনই সওয়াল রাজ্যের আইনজীবীর।
"যদি একটি ক্যামেরায় দুটি জমায়েত দেখাই না যায়! তাহলে শোনার প্রশ্ন কী করে ওঠে ? অভিযোগের স্বপক্ষে প্রাথমিক তথ্য প্রমাণ দেখা যাচ্ছে না।" আরও ঝাঁঝ বাড়িয়ে মন্তব্য করলেন বিচারপতি। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, "এইসব ফুটেজই তো কেস ডাইরিতে থাকবে। জাতীয় সঙ্গীতকে অস্ত্রের মতো ব্যবহার করা হয়েছে।" মন্তব্য বিচারপতির।
এদিনও এই মামলার জন্য আদালতের সময় নষ্ট হচ্ছে বলে আক্ষেপ করেন বিচারপতি। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, "আজ - কাল কোনও মামলা শুনব না। খুন - ধর্ষনের থেকে এই মামলা বেশি গুরুত্বপূর্ণ" রাজ্যকে উদ্দেশ করে ক্ষোভপ্রকাশ বিচারপতির। "হঠাৎ করে জাতীয় সঙ্গীত শুরু হলে কি বিছানায় শুয়ে থাকা বয়স্ক লোক লাফ দিয়ে দাঁড়িয়ে পড়বে? "প্রশ্ন বিচারপতির।
"দেশকে সম্মান জানানোর জন্য জাতীয় সঙ্গীত ? না কি অপর পক্ষকে ফাঁসানোর জন্য? প্রশ্ন উঠবে।" গুরুত্বপূর্ণ মন্তব্য বিচারপতির। শুধু তাইই নয়, পুলিশের ভূমিকা নিয়েও বিচারপতি প্রশ্ন তুলেছেন। "৯০ শতাংশ শারীরিক সক্ষমতা হারানো জওয়ানের মাকে পুড়িয়ে মারার অভিযোগে এফআইআর করেনি পুলিশ। এখানে করেছে। ভালো....।" মন্তব্য বিচারপতির।












Click it and Unblock the Notifications