তৃণমূলের পদক্ষেপেই বিজেপির হাত শক্ত হচ্ছে! প্রকাশ্যে ক্ষোভ মমতার এই মন্ত্রীর
নিজের গড়ে পঞ্চায়েতের প্রার্থী তালিকা নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। পূর্ব বর্ধমানের কাটোয়া এবং মঙ্গলকোটে তাঁর পছন্দের কেউই প্রার্থী তালিকায় স্থান পায়নি বলে অভিযোগ তাঁর।
নিজের গড়ে পঞ্চায়েতের প্রার্থী তালিকা নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। পূর্ব বর্ধমানের কাটোয়া এবং মঙ্গলকোটে তাঁর পছন্দের কেউই প্রার্থী তালিকায় স্থান পায়নি বলে অভিযোগ তাঁর। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে জানিয়েও কোনও ফল হয়নি। দলের বিরুদ্ধে গা-জোয়ারির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ্যে এনেছেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার সময় এই অশান্তির কী দরকার ছিল এমন প্রশ্নও করেছেন সিদ্দিকুল্লা।

পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। জানা গিয়েছে, সরকারি গাড়ি এবং তিন নিরাপত্তারক্ষী ছেড়ে দিয়েছেন তিনি। দলের নেত্রীকে কার্যত হুমকি দিয়েছেন সিদ্দিকুল্লা। তাঁর দাবি, তিনি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের আন্দোলনে জমিয়তে উলেমায়ে হিন্দের পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
সিদ্দিকুল্লা চৌধুরীর মতে, রাজ্যে যা উন্নয়ন হয়েছে, তাতে বেশির ভাগ পঞ্চায়েতেই জিতত তৃণমূল। তাতে মনোনয়ন জমার সময় এই অশান্তির কোনও দরকার ছিল না। রামনবমীর পর পঞ্চায়েত নিয়ে তৃণমূলের পদক্ষেপে বাংলায় বিজেপির হাত শক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সিদ্দিকুল্লা।

জানা গিয়েছে, মঙ্গলকোট অঞ্চলে নিজের গোষ্ঠীর লোকজনের জন্য ৩৪ টি আসনের দাবি ছিল সিদ্দিকুল্লার। এর জন্য তাঁর হাতে প্রতীকের ফর্ম বি-ও দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। কিন্তু এর পরেই তাঁর কোনও লোককেই মনোনয়ন দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লা চৌধুরীকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন।
এদিকে দলের তরফে পার্থ চট্টোপাধ্যায় অবশ্য সব বিরোধের কথা অস্বীকার করেছেন। সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে প্রার্থী নিয়ে কথা হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications