‘সহ-পরিচালকদের দিয়ে শ্যুটিং-এর কাজ চলবে’, টলিপাড়ার অসন্তোষের মাঝেই জোরাল হুঁশিয়ারি স্বরূপ বিশ্বাসের
বৃহস্পতিবার রাতে টলিপাড়ার পরিচালকদের সংগঠনের তরফে কর্মবিরতির ডাক দেওয়ার পর থেকেই শুটিংয়ের অচলাবস্থা নিয়ে টলিপাড়ায় আশঙ্কা সৃষ্টি হয়। শুক্রবার সকালে টলিপাড়ার শুটিংয়ের পরিস্থিতি পরিদর্শন করতে স্টুডিয়োগুলিতে উপস্থিত হন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি জানান, ফেডারেশনের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই নাকি পরিচালকদের সংগঠন এই কর্মবিরতির ঘোষণা করেছে।
কর্মবিরতির ফলে এদিন সিনেমা ও ধারাবাহিকের বেশ কিছু শুটিং ব্যাহত হয়। ভবিষ্যতেও এমনই হতে চলেছে বলে আশঙ্কা করছেন কলাকুশলীরা। তবে স্বরূপ বিশ্বাস জানান, শুক্রবার সকাল থেকেই বেশিরভাগ ধারাবাহিকের শুটিং নিয়মমাফিক চলছে এবং কিছু সিনেমার শুটিংও স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। তবে এদিন ডিরেক্টর্স গিল্ডের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন স্বরূপ বিশ্বাস।

ছবি সৌজন্য-Swarup Biswas/ফেসবুক
তাঁর কথায়, "সবাই শ্যুটিং চালাচ্ছে। মাত্র ৩ জন কাজ বন্ধ রেখেছে। যার মধ্যে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। এছাড়াও রয়েছেন পরিচালক অর্ক্য গাঙ্গুলীর সংস্থা এবং ব্লু'জ। মূলত, এঁদের পরিচালিত সিরিয়ালের শ্যুটিং গুলিই আজ বন্ধ রয়েছে। ডিরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে ইচ্ছাকৃত ভাবে কাজ বন্ধ করা হয়েছে"।
এদিন তারপরই স্বরূপ বিশ্বাস পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন পরিচালকদের দিকে। তাঁর কথায়, "ফেডারেশনের কি এক্তিয়ার, প্রশ্ন করা হচ্ছে। আমি প্রশ্ন করছি যারা এই প্রশ্ন রাখছেন তাঁদের কী এক্রিয়ার? ২৮ টি গিল্ডের সমন্বয়ে তৈরি ফেডারেশন। একটি গিল্ড হল ডিরেক্টর্স গিল্ড। সভাপতিত্বের দায়িত্বে রয়েছে সুব্রত সেন এবং সুদেষ্ণা রায়। তারা জানেন রাহুল মুখোপাধ্যায় কি করেছেন? রাহুল নিজের মুখে নিজের দোষ স্বীকার করেছেন। সেই রিপোর্ট সুদেষ্ণা রায়দের কাছেও রয়েছে। তারপরও তারা এই সব বিষয় নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার কর্মবিরতির পথে হাঁটলেন"।
এদিন স্বরূপের মুখেও শোনা যায় মুখ্যমন্ত্রীর কথা। এর আগে এই কর্মবিরতি প্রসঙ্গে একই কথা বলেছিলেন পরিচালকরাও। এদিন সেই কথায় কার্যত রিপিট করেন ফেডারেশন সভাপতি। তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী কর্মবিরতি বিরোধী। তিনি একেবারে কাজ বন্ধ রাখা পছন্দ করেন না। এর আগেরবারও যখন শ্যুটিং বন্ধ করা হয়েছিল, তখন তিনিই সবার সাথে বৈঠক করে এই বিষয়টি বলেছিলেন। কিন্তু সেই সব কথার কথায় রয়ে গেল। আজও সেই কর্মবিরতিই দেখছে টলিপাড়া"।
তারপর খানিকটা হুঁশিয়ারি দিয়ে স্বরূপ বিশ্বাস বলেন, "পরিচালক ছাড়াই শ্যুটিং হবে। সহ-পরিচালকদের দিয়ে শ্যুটিং-এর কাজ চলবে। কিন্তু শ্যুটিং বন্ধ করা হবে না। আলোচনা চাইলে আলোচনায় বসুন। সমস্যা নিয়ে কথা বললে আমিও জানি অনেক সমস্যার কথা। তবে সবকিছু ছেড়ে সবার ভালো চিন্তা করে জানতে চান ফেডারেশন কি বলতে চাইছে। এই ভাবে কাজ বন্ধ করা বড্ড একপেশে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে"।
এমনকি অনেকদিন যে গিল্ডের নির্বাচন হয়নি, সেই বিষয়টিও এদিন প্রকাশ্যে আনেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। তাঁর কথায়, "ফেডারেশন যদি মান্যতা না দেয়, গিল্ডের সিলেকশন আটকে দিতে পারি। বহু বছর ধরে ইলেকশন হয় না, সিলেকশন হয়। নির্বাচনটা করুন। ৮০০০ কর্মী ভোট দিক। নিয়ে নিজেদের পছন্দের মানুষদের পদে বসান। কেউ বারন করেনি। কিন্তু তা না হওয়া পর্যন্ত এই ধরনের কর্মবিরতির বিষয়গুলি ঘটাবেন না"।
স্বরূপ বিশ্বাসের এই মন্তব্যের পর পরিস্থিতি যে আরও জটিল হল, তেমনটা মনে করছেন অনেকেই। তবে বিনোদন দুনিয়ার ভবিষ্যতের কথা ভেবে উভয়েই আলোচনায় বসেন কিনা, এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications