আইন অনুসারে শেখ শাহজাহান গ্রেফতার হবেই,কমিটমেন্টে জোর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
সন্দেশখালি ঘটনায় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান বেপাত্তা। কিন্তু তিনি ধরা পড়বেন। এই কথাই জোর দিয়ে দাবি করছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আইন অনুসারে সব কিছু হবে। শেখ শাহজাহান ধরা পড়বেই। এমনই দাবি রাজ্যপালের।
আজ সোমবার ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানের। বেলা ১১ টার মধ্যে এই তৃণমূল নেতার আসার কথা ছিল। সন্দেশখালিতে তার বাড়িতে ইডি অভিযান চালায়। সেখানেই বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়ে দিয়ে আসা হয়েছিল। কিন্তু তারপরেও শাহজাহান অন্তরালে। তিনি এদিন সিজিও কমপ্লেক্সে যাননি।

গ্রেফতারি এড়াতেই কি ইডি অফিসে গেলেন না শেখ শাহজাহান? এই প্রশ্ন উঠেছে ওয়াকিবহাল মহলে। শেখ শাহজাহান কতদিন গা ঢাকা দিয়ে থাকবেন? পুলিশ প্রশাসন কেন এই ব্যক্তির কোনও সন্ধান পাচ্ছে না? সেই প্রশ্ন আরও জোরালোভাবে উঠছে বিভিন্ন মাধ্যমে। বিরোধীদের দাবি, পুলিশ শেখ শাহজাহানকে নিজেরাই আড়াল করে রেখেছে।
এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস শেখ শাহজাহান সম্পর্কে ফের বার্তা দিয়েছেন। রাজ্যপাল বলেন, ''দুনিয়াতে সব আসতে আসতে হয়। ইডি সমন করেছে। আমার কাছে এসেছিল, তৈরি থাকতে বলেছি। আইন অনুযায়ী গ্রেফতার হবেই। এটা শুধু কথা নয়, কথা দেওয়া। এখানে রাজ্যপালের সন্তুষ্টির কোনও বিষয় নেই। আইনরক্ষা গুরুত্বপূর্ণ।''
রাজ্যপালের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি শেখ শাহজাহানের গ্রেফতারের বিষয় নিয়ে অত্যন্ত আশাবাদী। তিনি তাঁর জায়গায় অটুট রয়েছেন। সাংবিধানিক প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। একথাও একাধিকবার তিনি জানিয়েছিলেন।
সন্দেশখালিতে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গিয়েছিল ইডি। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর কথা ছিল। কিন্তু কয়েক হাজার মানুষ তাদের ঘিরে ফেলে। রক্তাক্ত হন ইডি আধিকারিকরা। প্রাণ হাতে সেই জায়গা থেকে পালাতে হয়েছিল তদন্তকারীদের। ওই ঘটনার পর হাতে গোনা কয়েকজন গ্রেফতার হয়েছিল। তারা কতটা ওই ঘটনার সঙ্গে যুক্ত? তাই নিয়েও প্রশ্ন রয়েছে।
শেখ শাহজাহান ওই বিশাল সংখ্যক জনতাকে একত্র করেছিল। নিজের বাড়িতে বসেই গোটা ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এমনই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। রাজ্যপাল ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন। শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। রাজভবন থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও শেখ শাহজাহান অধরা।












Click it and Unblock the Notifications