বঙ্গযোদ্ধা সংগঠনের দাবি সনদ ও কর্মসূচি প্রকাশ! বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের একাধিক পরিচিত মুখের যোগদান
কলকাতায় সংগঠনের পক্ষ থেকে দাবি সনদ ও কর্মসূচির প্রকাশের অনুষ্ঠান করল বঙ্গযোদ্ধা সংগঠন। এদিন কলকাতা প্রেসক্লাবে হওয়া অনুষ্ঠানে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের মুখ বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস, অরুণ কুমার সেন, গার্গী বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ কুন্ডু, ইমতিয়াজ আহমেদ, সোমনাথ লাহা, শুভজিৎ সরকার, প্রতিম ঘোষ, অসীম বাকুলির মতো আরও অনেকে এই সংগঠনে যোগ দেন।

২০১৯-এর ডিসেম্বরে প্রস্তুতি শুরু। তারপর বিভিন্ন কর্মসূচি নিয়ে পথে নেমেছে বঙ্গযোদ্ধা। নির্বাচনের বাইরে থেকেও বাঙালিদের নিয়ে আন্দোলনের পক্ষে এদিন মত প্রকাশ করেছেন বঙ্গযোদ্ধার কর্তা ব্যক্তিরা।
সংগঠনে যোগদান অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস নিজে বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থেকেও বলেন, বাঙালিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ভিখারি হয়ে যাচ্ছে। তিনি বলেন, বেসরকারি হাসপাতালের খরচ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, এই ব্যর্থতা ঢাকতে আন্দোলন প্রসারিত করা দরকার। বাঙালি হয়ে এবং ভূমিপুত্রদের হয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অরিন্দম বিশ্বাস বলেন, কলকাতা কেন্দ্রীয় চিকিৎসা হলে সমস্যার সমাধান কোনওভাবেই করা যাবে না। রাজ্যে আরও এইমসের পক্ষে সওয়াল করেন তিনি। বিহার-উত্তর প্রদেশের মতো রাজ্যে এইমস সংখ্যায় বেশি থাকলেও, বাংলায় তা হবে না কেন, সেই প্রশ্ন করেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকারের খামতির কথা উল্লেখ করে তিনি সেই জায়গা পূরণে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের কথা বলেছেন।

দিন কয়েক আগে হুগলির জনাইয়ে বাঙালি ব্যবসায়ী কৃষ্ণেন্দু হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সেখানে কোনও বিদ্বজ্জন প্রতিবাদে এগিয়ে আসেননি। বাধা প্রাপ্ত হলেও এগিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী চিকিৎসক অরিন্দম বিশ্বাস। সেই কারণে কোনও নীতি না বদল করেই এই সংগঠনে যোগদান বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications