ইডেনে সেমি ফাইনাল, সেজন্যই কি ১৬ তারিখের সভা পিছল তৃণমূল?
তৃণমূলের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভার দিন পিছিয়ে গেল। আগামী ১৬ নভেম্বর এই সভার দিন ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই দিন ঘোষণা করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার জানানো হয়েছে, ওই দিন সভা হচ্ছে না। বরং সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে সভা। কিন্তু কেন সভা পিছিয়ে গেল?
মনে করা হচ্ছে, ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ক্রিকেটের সেমি ফাইনাল ম্যাচ রয়েছে ওই দিন। নিরাপত্তার ব্যবস্থা থাকবে অনেক জোরদার। সেই কারণেই সভার দিন বদল করা হল। আগামী ২৩ নভেম্বর তৃণমূলের পক্ষ থেকে সভা হবে। একথা জানিয়ে দেওয়া হয়েছে।

১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে। রাজ্যের দীর্ঘদিনের দাবি মানা হচ্ছে না। নভেম্বর মাস থেকে নতুন করে আন্দোলনে নামতে চায় তৃণমূল কংগ্রেস। সেজন্য আন্দোলনের রূপরেখা ঠিক করা প্রয়োজন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে নামছে। কেন্দ্রের বিরুদ্ধে কোন পথে আন্দোলন হবে? সেজন্যই আগামী ১৬ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভার ডাক দেওয়া হয়।
তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, মন্ত্রী কাউন্সিলর সহ অন্যান্য নেতা কর্মীদের এই সভায় অংশ নেওয়ার কথা। কাজেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিল ধারণের জায়গা থাকবে না। এ কথা সত্য। প্রথম সারির তৃণমূল নেতৃত্বরা উপস্থিত থাকবেন সেখানে। ফলে নিরাপত্তার ব্যবস্থা অনেক বেশি জোরদার করার দরকার রয়েছে।
আরও একটি কার্যক্রম ওই দিন রয়েছে কলকাতায়। ভারতবর্ষে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে ইডেন উদ্যানে বিশ্বকাপ ক্রিকেটের সেমি ফাইনাল ম্যাচ রয়েছে। কোন দুটি দল ইডেনে সেমি ফাইনাল ম্যাচ খেলবে? সেটি এখনও পরিষ্কার নয়। কিন্তু নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা করতে হবে খেলা চলাকালীন। শুধু তাই নয়, ওই এলাকায় যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।
এছাড়াও যদি ভারতের খেলা ইডেনে অনুষ্ঠিত হয়, সেখানে মাঠ ভর্তি থাকবে। এ কথা না বললেও চলে। ফলে নিরাপত্তা আরও জোরদার করা হবে গোটা এলাকা জুড়ে। এবার খেলা ও শাসক দলের কর্মসূচি পাশাপাশি হওয়ার ঘটনা সামনে চলে আসছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই নিয়ে কিছুটা চর্চা শুরু হয়েছে।
নিরাপত্তা কীভাবে দেওয়া হবে? তাই নিয়ে আলোচনা হয়েছে। খেলার কারণেই কি তাহলে তৃণমূল কংগ্রেস তাদের কর্মসূচির দিন বদল করল? ২৩ নভেম্বর ওই সভা অনুষ্ঠিত হবে। এ কথা জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications