মহালয়ায় রেলের উপহার শিয়ালদহ ফুড এক্সপ্রেস! উদ্বোধনে রেলমন্ত্রী, বাণিজ্যে বাংলার ঐতিহ্যকে গুরুত্ব
Sealdah Food Express: মহালয়ায় কলকাতা তথা পশ্চিমবঙ্গকে নয়া উপহার দিচ্ছে রেল। বিভিন্ন রাজ্যের স্টেশনগুলিতে চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ।
অত্যাধুনিক পরিকাঠামো-সহ ঝাঁ-চকচকে স্টেশন কিছু উদ্বোধন হয়েছে, অনেক জায়গায় সৌন্দর্যায়নের কাজ চলছে জোরকদমে। এবার নতুন আকর্ষণ হতে চলেছে শিয়ালদহ ফুড এক্সপ্রেস।

না। ফুড এক্সপ্রেস নামে নতুন কোনও ট্রেন চালু হচ্ছে না। ট্রেনের বগিকে রূপান্তরিত করে ফেলা হয়েছে রেস্তরাঁয়। এটিই শিয়ালদহ ফুড এক্সপ্রেস। যা যাত্রীদের রসনাতৃপ্তিতে অন্য মাত্রা যোগ করবে। মহালয়ায় এর উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এই অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যও যুক্ত থাকছে। রেলমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন ধীমান দাস। কেসি দাস পরিবারের পঞ্চম প্রজন্ম। বিশেষ করে বিখ্যাত এই মিষ্টি প্রস্তুতকারক সংস্থার রসগোল্লা বাংলা তথা দেশ ছাড়িয়ে বিশ্বের বহু দেশে সমাদৃত।
বাংলার অন্যতম সফল উদ্যোগপতিকে রেলের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর তাৎপর্য কম নয়। জানা গিয়েছে, কেসি দাসের বর্তমান কর্ণধারকে আমন্ত্রণ জানিয়ে একদিকে যেমন সফল বাঙালি উদ্যোগকে তুলে ধরা হবে সকলের সামনে, তেমনই মিষ্টি উদ্যোগের সভাপতি ধীমানের উপস্থিতি জনপ্রিয়তা বাড়াবে বাংলার মিষ্টিরও।
উল্লেখ্য, নবীনচন্দ্র দাস ছিলেন রসগোল্লার আবিষ্কারক। তার সুযোগ্য পুত্র কৃষ্ণচন্দ্র দাস অর্থাৎ কেসি দাসের হাত ধরে রসগোল্লা পৌঁছে যায় ঘরে ঘরে। সেই ট্র্যাডিশন বজায় রেখে চলেছেন কে সি দাসের বংশ পরম্পরা। 'কে সি দাস'-এর 'রসগোল্লা' বাঙালির ঐতিহ্য, বাঙালির অহংকার।
এই অনুষ্ঠানে রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কার, শিয়ালদহের ডিআরএম দীপক নিগম, পদ্মশ্রী প্রহ্লাদ রাই আগরওয়ালা প্রমুখ। আজ সন্ধ্যায় গিয়ে দেখা গেল ট্রেন কোচ থিমড রেস্তরাঁ উদ্বোধনের প্রস্তুতির কাজ চলছে জোরকদমে।












Click it and Unblock the Notifications