বালিগঞ্জে স্কুলের সামনে থেকে অপহৃত ছাত্র, মুক্তিপণ চেয়ে ফোন
কলকাতা, ১ অক্টোবর : স্কুলের সামনে থেকে রহস্যজনকভাবে অপহৃত হল এক ছাত্র। এরপরই এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে দু'বার ফোনও আসে বাড়িতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালিগঞ্জ এলাকায়। অপহৃত বালকের নাম বিশাল চৌধুরী ওরফে ভিকি।
বৃহস্পতিবার বালিগঞ্জ ন্যাশনাল স্কুলের সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ভিকি। রাত পর্যন্ত বাড়ি না ফিরে আসায় বালিগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়। শুক্রবার সকালে দু'বার মুক্তিপণ চেয়ে ফোন আসে বিশালের বাবার মোবাইলে।

জানা গিয়েছে, অপহরণকারীরা এক লক্ষ টাকা মুক্তিপণ চায়। পুলিশের কাছে এই মুক্তিপণের বিষয়টি জানান তিনি। এরপরই অপহরণের মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
এই অপহরণকাণ্ডে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ছাত্র স্কুল থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল, কীভাবে অপহৃত হল, কোন গাড়িতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, একটি দোকানে ঢুকে ভিকি চাউমিন খায় বলে জানা গিয়েছে। তারপরই সে কোথায় গিয়েছিল, কার সঙ্গে গিয়েছিল তা এখনও জানা যায়নি। শীঘ্রই এই অপহরণের জাল কেটে ছাত্রটিকে উদ্ধার করা যাবে বলে মনে করছেন গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications