সারদা কাণ্ডে ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
কলকাতা, ২২ ডিসেম্বর : সারদাকাণ্ডে ফের তেড়েফুড়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজে লেগে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সূত্র ধরেই সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে।
এর মধ্যে রয়েছে সারদা কর্তা সুদীপ্ত সেনের সল্টলেকের দুটি ফ্ল্যাট, তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্নর মুম্বইয়ের ফ্ল্যাট ও রায়চকের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এছাড়াও রয়েছে প্রাক্তন মন্ত্রী মাতঙ্গ সিং ও তার স্ত্রী মনোরঞ্জনা সিংয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

এর পাশাপাশি জেনাইটিস কর্তা শান্তনু ঘোষ ও ব্যবসায়ী রমেশ গান্ধীর নামে থাকা বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে এইসব সম্পত্তিগুলি 'ফ্রিজ' করে রাখার পরে সোমবার এইগুলি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আরও জানা গিয়েছে, যে সময়ে এই সম্পত্তি কেনা হয়েছিল সেসময়ে তার বাজারদর ছিল ২৮ কোটি টাকা। তবে সময়ের সঙ্গে তা বেড়ে প্রায় ১০০ কোটি টাকায় পৌঁছেছে।
প্রসঙ্গত, সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে একদিকে বৃহত্তর ষড়যন্ত্র ও টাকা নয়ছয়ের তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। অন্যদিকে টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইডি।












Click it and Unblock the Notifications