সারদা মামলায় চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা ইডির
কলকাতা, ২৩ মার্চ : সারদা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে টানা ৫ ঘণ্টা জেরার মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। তবে এখনও সব প্রশ্নের উত্তর পাননি বলে কিছুদিনের মধ্যেই তাঁকে ফের জেরার জন্য ডাকা হতে পারে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
এর আগে অনেকবার শুভাপ্রসন্নকে হাজিরার নোটিশ পাঠানো হলেও তিনি নানা অজুহাতে হাজির হননি। ফলে চারদিন আগে ফের একবার সোমবার হাজির হয়ে জেরার মুখোমুখি হওয়ার জন্য ওই চিত্রশিল্পীকে নোটিশ পাঠানো হয়। সেই অনুযায়ী আজ তিনি সল্টলেকে ইডির দফতরে হাজির হয়ে জেরার মুখোমুখি হয়েছেন।

সূত্রের খবর, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্তের জাল গুটিয়ে আনা হয়েছে। এখন সামনে বসিয়ে বেশ কিছু সূত্র ঝালিয়ে নিলেই কাজ অনেকটা এগিয়ে যাবে।
এর আগে জানা যায়, ২০০৬-এ 'দেবকৃপা ব্যাপার লিমিটেড' নামে শেয়ার বিক্রির একটি সংস্থা কিনেছিলেন শুভাপ্রসন্ন। ২০১০-এ তাঁর অধীনে একটি সংবাদ চ্যানেল তৈরি হয়, যা কোনওদিন দিনের আলো দেখেনি। ওই চ্যানেলের দায়িত্বে ছিলেন নাট্য পরিচালক তথা তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ। ২০১৩ সালের ১৬ এপ্রিল তিনি পুলিশের কাছে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতেই সারদা কেলেঙ্কারি সামনে আসে। গ্রেফতার হন সুদীপ্ত সেন।
বিষয়টি সামনে আসার পর শুভাপ্রসন্ন জানান, ২০১২ সালে সারদা-কর্ণধার সুদীপ্ত সেন সাড়ে ৬ কোটি টাকায় চ্যানেল-সহ পুরো কোম্পানিটি কিনে নেন তাঁর কাছে। তদন্তে নেমে ইডি সেই সাড়ে ছ'কোটি টাকা শুভাপ্রসন্নকে ফেরত দিতে বলে। শুভাপ্রসন্ন জানান, তাঁর কাছে অত টাকা নেই। সুদীপ্তের থেকে পাওয়া পুরোটাই তিনি নাকি খরচ করেছেন! এই অবস্থায় তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করে সাড়ে ছ'কোটি টাকা উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়।
তবে এখন যা অবস্থা, তাতে টাকা উদ্ধার হয়ে গেলেও শুভাপ্রসন্ন তদন্তের হাত থেকে নিষ্কৃতি পাবেন না বলেই ইডি সূত্রে খবর। কারণ সারদা মামলার বৃহত্তর কেলেঙ্কারিতে তিনি জড়িত থাকতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications