সারদা কাণ্ডে মিঠুন ও অপর্ণাকে ক্লিনচিট সিবিআইয়ের
কলকাতা, ৩০ এপ্রিল : সারদা কাণ্ডে সাংসদ-অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ক্লিনচিট দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একইসঙ্গে আর এক অভিনেত্রী তথা নির্দেশক অপর্ণা সেনকেও সবরকম অভিযোগ থেকে মুক্তি দিয়েছে সিবিআই।
সারদার সঙ্গে মিঠুনবাবু বা অপর্ণাদেবীর যে চুক্তি হয়েছিল তা আদ্যন্ত পেশাদার ভঙ্গিতেই হয়েছিল এবং সারদার বাকি কাজকর্মের সঙ্গে মিঠুনবাবু বা অপর্ণাদেবীর কোনও যোগ ছিল না বলেই ওয়ানইন্ডিয়াকে জানিয়েছেন এক উচ্চপদস্থ সিবিআই আধিকারিক।

গতবছর সারদা কাণ্ডে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাঁর মুম্বইয়ের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ জেরা করেন ইডি অফিসাররা। সারদা গোষ্ঠীর সঙ্গে তাঁর কী চুক্তি হয়েছিল, কত টাকা তিনি পেয়েছিলেন ইত্যাদি জানতে চাওয়া হয়।
অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী ইডি অফিসারদের জানান, তিনি সারদার মালিকানাধীন বিভিন্ন টিভি চ্যানেলে হাজির থেকে বিপণনে সহায়তা করবেন, এমনটাই তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল। এরজন্য এক বছরে তাঁকে সারদা গোষ্ঠী ২ টাকা দেবে বলেছিল।
একইসঙ্গে ইডির তদন্তকারীদের কাছে মিঠুনবাবু অভিযোগ করেন যে, চুক্রির ১ কোটি ৭৬ লক্ষ টাকা পেয়েছেন। বাকি টাকা দেননি সুদীপ্ত সেন। সেজন্য আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করলেও সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ায় আর বেশিদূর এগোননি মিঠুনবাবু।
মিঠুন চক্রবর্তীর এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করা হয়। এরপর সবদিক খতিয়ে দেখেই এই তারকা অভিনেতাকে ক্লিনচিট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications