সারদা মামলা : শুভার পর ইডির জেরার মুখে শিল্পপতি হর্ষ নেওটিয়া
কলকাতা, ২৪ মার্চ : চিত্রশিল্পীর পর এবার শিল্পপতি। মাঝে কিছুদিন থমকে থাকলেও আবার নাড়া পড়েছে সারদা মামলায়। এবং এবার দায়িত্ব সিবিআইয়ের কাছ থেকে নিজেদের কাঁধে তুলে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সূত্রেই গতকাল চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ম্যারাথন জেরার পর আজ ইডির দফতরে জেরার মুখে পড়তে হাজির হয়েছেন আর এক মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিল্পপতি হর্ষ নেওটিয়া।
সারদা কেলেঙ্কারির তদন্তে শিল্পপতি হর্ষ নেওটিয়াকে এই নিয়ে দু'বার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে গত বছর অক্টোবরে হর্ষ নেওটিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, সারদা কেলেঙ্কারির তদন্তে "দেবকৃপা ব্যাপার লিমিটেড"-এর নাম উঠে আসে। এর ডিরেক্টর ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ও তাঁর স্ত্রী। সেই সংস্থারই তদন্তে নেমে হর্ষ নেওটিয়ার নাম উঠে আসে। যার ফলে তাঁকে জেরার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগ, দেবকৃপায় যাঁরা লগ্নি করেন, তাঁদের একাংশ শিল্পপতি হর্ষ নেওটিয়ার পরিচিত বলে তদন্তে আগেই বেরিয়েছিল। হর্ষই শুভাপ্রসন্নর সঙ্গে ওই লগ্নিকারীদের আলাপ করিয়ে দেন। পরবর্তী সময়ে দেবকৃপা ব্যাপার লিমিটেড বিক্রি করা হয় সারদা-কর্তা সুদীপ্ত সেনকে। কিন্তু ওই সংস্থা তৈরি ও বিক্রির ব্যাপারে যুক্ত বিভিন্ন ব্যক্তির বক্তব্যে পারস্পরিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। সেই বিষয়গুলি নিয়ে ধোঁয়াশা দূর করতে হর্ষকে জেরা প্রয়োজন বলেই মনে করেছেন ইডি আধিকারিকরা।
গত বছর ইডি-র জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হর্ষ জানান, শুভাপ্রসন্ন তাঁর দীর্ঘদিনের পরিচিত। কয়েক জন লগ্নিকারীকে তিনি শুভাপ্রসন্নর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications