Sandip Ghosh Arrest: সন্দীপ গ্রেফতার হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখরের, আন্দোলনে কি এখনই ইতি?
Sandip Ghosh Arrest: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার। কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্থিক দুর্নীতির তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করল সিবিআই।
আজ নিয়ে ১৫তম দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআইয়ের তদন্তকারীরা। আরজি কর হাসপাতালে তরুণ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ২৬ দিনের মাথায় সন্দীপের গ্রেফতারি।

সন্দীপের বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সন্দীপের পলিগ্রাফ টেস্টও হয়েছিল। আর্থিক দু্নীতির তদন্তে সন্দীপ ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িয়ে অভিযানও চালিয়েছে সিবিআই। আজ সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে সন্দীপকে নিয়ে গিয়ে গ্রেফতারির কথা জানানো হয়।
MIDDLE STAMP UPROOTED. WHAT NEXT? pic.twitter.com/buZonkQyu2
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) September 2, 2024
সন্দীপের গ্রেফতারির পরই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এক্স হ্যান্ডলে ক্রিকেট খেলায় বোল্ড হওয়ার পরের একটি ছবি পোস্ট করেছেন। আইপিএলের যে ছবিতে দেখা যাচ্ছে মিডল স্টাম্প ভেঙে গিয়েছে। সুখেন্দু ক্যাপশনে লিখেছেন, মিডল স্টাম্প উপড়ে গেল। এরপর কী?
আরজি কর কাণ্ডে সরব হওয়ায় তৃণমূলের মুখপাত্রের পদ খুইয়েছিলেন ডা. শান্তনু সেন। তিনি ফেসবুকে লিখেছেন, ঈশ্বর বিচার করলেন। প্রমাণ হলো আমি ভুল বলিনি । সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগে জানিয়েছিলাম।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নাই মামার চেয়ে কানা মামা ভালো। খুনের মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হবেন কিনা তা নিয়ে আমাদের সংশয় ছিল। কিন্তু নিশ্চিত ছিলাম আর্থিক দুর্নীতির তদন্তে তিনি গ্রেফতার হবেন। সেটা হয়েছে। সন্দীপের গ্রেফতারি জরুরি ছিল।
তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লেখেন, সন্দীপ ঘোষ গ্রেফতার। দারুণ খবর। শুঘু মাথায় রাখবেন দুটি জিনিস। ১) খুন এবং ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হননি। তিনি গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে। ২) উনি যে-ই কেসে গ্রেফতার হয়েছেন, সেই কেসে এফআইআর দায়ের করেছিল রাজ্য সরকার। বাকি রইল সন্দীপ ঘোষের গ্রেফতারি। আমি ভীষণ খুশি।
সন্দীপের গ্রেফতারির খবরে উচ্ছ্বসিত আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। লালবাজার অভিযানে তাঁরা আজ গিয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে। পুলিশ পথ আটকালে পথে বসেই চলতে থাকে প্রতিবাদ। পুলিশের তরফে বারবার দৌত্যের চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।
আন্দোলনকারীদের কথায়, কলকাতা পুলিশ যা পারেনি তা করে দেখাল সিবিআই। তবে সন্দীপ ঘোষ গ্রেফতার হলেও ন্যায়বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।












Click it and Unblock the Notifications