Bengal BJP President: শমীকেই ভরসা বিজেপির, নতুন-পুরনো মিলিয়ে চলবে দল, বার্তা দিলেন নতুন রাজ্য সভাপতি!
সামনের বছরই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে বহুদিন থমকে থাকা কাজ সেরে ফেলল বঙ্গ বিজেপি। নির্বাচন হয়ে গেল বঙ্গ বিজেপির সভাপতি পদে। দিলীপ ঘোষ, সুকান্ত জমানার পর অবশেষে বঙ্গ বিজেপিতে শুরু হতে চলেছে শমীক ভট্টাচার্যের সময়। জল্পনার অবসান ঘটিয়ে তিনিই নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হতে চলেছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে, তবে শমীক ভট্টাচার্যই বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন, তা নিশ্চিত করেই ধরে নেওয়া যায়।
এদিন একমাত্র শমীক ভট্টাচার্যই এই পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন। অন্য কোনও মনোনয়ন জমা পড়েনি। তাঁর প্রস্তাবক হিসেবে সই করেছেন শুভেন্দু অধিকারী ও বিদায়ী সভাপতি সুকান্ত মজুমদার।

জানা গিয়েছে, আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শমীক ভট্টাচার্যকে ফোন করেন। মঙ্গলবার শমীক দিল্লিতে ছিলেন। রাতেই নাড্ডা নিজের বাড়িতে ডেকে তাঁর হাতে মিষ্টি তুলে দেন। তখনই বোঝা গিয়েছিল শমীকের হাতে উঠতে চলেছে নতুন দায়িত্ব।
এদিন মুরলীধর সেন লেনে বিজেপি দফতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন শমীক ভট্টাচার্য। মাল্যদান শেষে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। সাংবাদিকেরা তাঁকে নতুন সভাপতি নির্বাচন নিয়ে জিজ্ঞাসা করলে নিজস্ব ঢংয়ে শমীক বলেন, পুরনো-নতুন সকলকে এক হয়ে কাজ করতে হবে। তবে তিনিই যে নতুন সভাপতি হতে চলেছেন তা মুখ ফুটে তিনি বলেননি।
শমীক বলেন, দলের তরফে আমার কাছে এখনও কোনও নির্দেশ আসেনি। রাজ্য সভাপতির পদ একটি বহমানতা। দলে নতুন ও পুরনো কর্মীদের মধ্যে কোনও দ্বন্দ্ব থাকবে না। সকলকে নিয়েই দল চলবে। এটা একটা টিম গেম। আগামী নির্বাচনে তৃণমূলকে পরাজিত করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। নতুন-পুরনো দ্বন্দ্ব যেটা তৈরি হয়েছে বা মিডিয়া তৈরি করেছে, সেটা থাকবে না।
গত বিধানসভা ভোটে বিজেপি দল হিসাবে অপ্রত্যাশিত ফলাফল করে। ২০১৬ সালে যেখানে বিধায়ক সংখ্যা দুই অঙ্কও পেরোয়নি, সেখানে ২০২১ সালে তা পৌঁছে যায় ৭৭টিতে। তৎকালীন সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে দল লড়লেও মনে করা হচ্ছিল বিজেপি বুঝি বাংলায় ক্ষমতায় ফিরবে। তবে ভোট মেটার পরে সেবছরই সেপ্টেম্বর মাসে সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতি করা হয়। দিলীপ ঘোষকে সরিয়ে পরে সর্বভারতীয় সহ সভাপতি করা হয়েছিল। এতদিন আরএসএস ঘনিষ্ঠ সুকান্ত দায়িত্ব সামলাচ্ছিলেন, তাঁর জায়গায় সেই সংঘ ঘনিষ্ঠই দায়িত্ব পেতে চলেছেন।












Click it and Unblock the Notifications