Saayoni Ghosh: সায়নী ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডি-র, বেরিয়ে এসে কী বললেন?
Saayoni Ghosh: সায়নী ঘোষকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রায় ১১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে ইডি-র অফিস থেকে বেরিয়ে এলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী।
কুন্তল ঘোষ-সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদে নাম উঠে আসে সায়নীর। তাঁকে আজই তলব করা হয়েছিল। নির্ধারিত দিনেই হাজিরা দিয়ে তিনি তদন্তে সহযোগিতা করার বার্তা দেন। তাঁর বয়ান রেকর্ড করে পাঠানো হয় দিল্লিতে। তারপর রাতে বেরিয়ে এলেন সায়নী।

সায়নী ঘোষ এদিন তদন্তকারীদের মুখোমুখি হয়ে বেরিয়ে এসে জানান, তাঁকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল। তা নিয়েই প্রশ্ন করা হয়। সায়নীর কথায়, আশা করি তদন্তকারীদের সন্তোষজনক উত্তর দিতে পেরেছি। আমাকে আরও একবার ডাকা হবে। ফের নথি নিয়েই আসতে হবে।
কবে তাঁকে ফের তলব করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানাননি সায়নী। শুধু বলেন, তদন্তকারীরাই ডেকে পাঠাবেন। আমাকে যেদিন ডাকা হবে সেদিন আসব। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব। আজ এখানে ১১ ঘণ্টা ছিলাম। তদন্তের স্বার্থে যদি ২৪ ঘণ্টাও থাকতে হয় তাহলে তাও থাকব। সাংবাদিকদের সঙ্গে কথা বলেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান সায়নী।
কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, তাঁকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করানো হচ্ছে। আদালতের নির্দেশের পর অভিষেককেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে তলব করা হয়েছিল। অভিষেকও নবজোয়ার কর্মসূচির মধ্যেই তদন্তের মুখোমুখি হন। তবে অভিষেকের নাম বলানোর চেষ্টা তাঁর ক্ষেত্রে হয়নি বলে জানান সায়নী।

সায়নী ঘোষ আজ সকাল ১১টা ২২ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন। তদন্তকারীদের প্রশ্ন সামলে বেরিয়ে আসেন রাত পৌনে ১১টা নাগাদ। বেলা ১২টা নাগাদ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল। তদন্তকারীরা কী প্রশ্ন করেছেন, বা তিনি কী উত্তর দিয়েছেন তদন্তের স্বার্থে তা বলা সম্ভব নয় বলে জানান সায়নী।

সূত্র মারফত জানা গিয়েছে, সায়নীকে ব্যাঙ্ক ডিটেলস, আর্থিক লেনদেন ও সম্পত্তির নথি নিয়ে আসতে বলা হয়েছিল। তাঁকে কুন্তল ঘোষ ফ্ল্যাট বা গাড়ি উপহার দিয়েছিলেন কিনা, কুন্তলের সঙ্গে তাঁর কী সম্পর্ক তা নিয়েই প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। সায়নী তদন্তকারীদের জানিয়েছেন, কুন্তলের সঙ্গে তাঁর রাজনৈতিক পরিচয়।
বিজেপি নেতৃত্ব সায়নীকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেছিলেন, সায়নীকে ডেকে দই, মিষ্টি খাইয়ে ছেড়ে দেওয়া হলে প্রয়োজনে ইডির বিরুদ্ধে আন্দোলনে নামব। আজ অবশ্য সায়নী গ্রেফতারি এড়িয়েই বেরিয়ে এলেন। নিজেই জানালেন তাঁকে ফের ইডির তলবের কথা। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিলেন।












Click it and Unblock the Notifications