রূপার সঙ্গে চা-পান বৈঠক মুকুলের, কী বললেন রূপা, দেখুন ভিডিও
রূপা গঙ্গোপাধ্যায় ও মুকুল রায় একসঙ্গে। সৌজন্য সাক্ষাৎ-এর সঙ্গে সঙ্গে চা-পান বৈঠকেও যোগ দিলেন দু'জনে।
একটা সময় 'বিজেপি-র মমতা বন্দ্যোপাধ্যায়', এই তকমাই পেয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর এমন পোশাকি নামকরণে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। বিজেপি-ও বিরোধী রাজনীতির পালে হাওয়া পেতে রূপার এমন আবির্ভাবে নেমেছিল জোর কদমে। তখন রাজপথে যেখানে সেখানে সাপারিষদ প্রতিবাদী রূপার জলজ্যান্ত মুখ। রাস্তার মাঝখানে বসে পড়ে পুলিশি অত্যাচারের প্রতিবাদ করা থেকে হাজরায় প্রতিবাদী মঞ্চ বানিয়ে জোর গলায় মমতা বন্দ্যোপাধ্যায়-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া- বছর কয়েক আগে এই ছবির সঙ্গে ভালোরকমই পরিচয় ছিল বাংলাবাসীর।

বর্তমানে বঙ্গ রাজনীতির বাইরে সংসদীয় প্রতিনিধিত্বে পা গলিয়েছেন রূপা। অধিকাংশ সময়টা এখন দিল্লির সংসদের অন্দরেই কেটে যায়। এহেন রূপা হাজির হতে পারেননি বিজেপি-র রাজ্য দফতরে মুকুল রায়ের প্রথম প্রবেশের দিনে। কিন্তু, বৃহস্পতিবার মুকুল রায়ের সঙ্গে অবশেষে সাক্ষাৎ ঘটল তাঁর। রাজনৈতিক সৌজন্য বিনিময় তো হলই সেই সঙ্গে মুকুল রায়ের হাতে ফুলের বোকেও তুলে দেন রূপা। মুকুল রায়ের রাজনৈতিক চিন্তা-ভাবনা ও কৌশলের প্রশংসাও ঝড়ে পড়ল তাঁর কন্ঠে। মুকুলও অবশ্য বাদ গেলেন না। তিনিও প্রশংসায় ভরিয়ে দিলেন দলীয় সহকর্মী ও সাংসদ রূপাকে।
এই সৌজন্য সাক্ষাৎকারের উপসংহারটা বোধহয় লোকানো ছিল চা-পানে। রূপার সঙ্গেই রাস্তার ধারে টি-স্টলে চা-পান করতে বসে গেলেন মুকুল রায়। আলাপ কথায় সেখানেও উঠে এল রাজ্য বিজেপি-র দুই হেভিওয়েট নেতা-নেত্রীর কথোপকথন । আর সেই কথোপকথন হল ভিডিও বন্দি।
শুক্রবারই বিজেপি-র হয়ে প্রথম সভা করতে চলেছেন মুকুল রায়। এককালে মমতা বিগ্রেডের সেকেন্ড-ইন কমান্ড এবার ধর্মতলায় জনসভা করবেন পদ্মফুলের জন্য। সেই সভার আগে রূপার সঙ্গে এমন এক সাক্ষাৎ সত্য়িকারে বৃহস্পতিবার রাজ্য-রাজনীতিতে বাড়তি মাত্রা যোগ করলে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications