রোজভ্যালিকাণ্ডে ১১২ জনের তালিকা সিবিআইয়ের হাতে, রয়েছে সিপিএম নেতা-নেত্রীর নামও
রোজভ্যালিকাণ্ডে একা তৃণমূল নয়, ফাঁসতে চলেছে সিপিএমও। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু সিবিআই-এর হাতে ১১২ জনের একটি দীর্ঘ তালিকা তুলে দিয়েছেন।
কলকাতা, ৩ জানুয়ারি : রোজভ্যালিকাণ্ডে একা তৃণমূল নয়, ফাঁসতে চলেছে সিপিএমও। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু সিবিআই-এর হাতে ১১২ জনের একটি দীর্ঘ তালিকা তুলে দিয়েছেন। সেই তালিকায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়াও নাম রয়েছে সিপিএমের একাধিক নেতা-নেত্রীরও। সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজ্যের শাসক ও বিরোধী দলের একাধিক শীর্ষ নেতাদের নাম রয়েছে এই তালিকায়।
গৌতম কুণ্ডুকে দফায় দফায় জেরা করে সিবিআই তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, রাজ্যের বহু নেতা-নেত্রী বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা নিয়েছেন রোজভ্যালি থেকে। শুধু আর্থিক সুবিধাই নয়, অন্যান্য সুযোগ-সুবিধাও নিয়েছেন দেদার।

গৌতমবাবুই সিবিআইকে এ ব্যাপারে সমস্ত তথ্য দিয়েছেন। সিবিআই জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, রোজভ্যালির এই আর্থিক তছরূপের পিছনে রয়েছে অনেক শিল্পপতি ও নামী ব্যবসায়ীর নামও।
ইতিমধ্যেই রোজভ্যালি-কাণ্ডে তাপস পালকে গ্রেফতার করা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও জেরা পর্ব চলছে। ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের স্ক্যানারে উঠে এসেছে, একাধিক টলিউড নায়িকার নামও। স্বাভাবিকভাবেই সুদীপ-জায়া তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে এসেছে।
ইতিমধ্যেই গৌতমবাবুর দেওয়া তালিকা অনুযায়ী, যাঁরা সুবিধা গ্রহণ করেছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। ফলে শুধু তাপস পাল বা সুদীপ বন্দোপাধ্যায়ই নন, এই ঘটনায় অদূর ভবিষ্যতে অন্যান্য নেতা-নেত্রী, শিল্পপতি-ব্যবসায়ীদের তলব করা হতে পারে। তবে এখনও পর্যন্ত সারদা হোক বা রোজভ্যালি, চিটফান্ডের টাকা নয়ছয়ে শাসকদলের নেতা-মন্ত্রী ও শাসক দল ঘনিষ্ঠরাই সিবিআই বা ইডি-র মুখোমুখি হয়েছেন।












Click it and Unblock the Notifications