রাজ্য কমিটি থেকে অপসারিত ঋতব্রত! কোন দোষে এই হাল সিপিএমের তরুণ সাংসদের
ঋতব্রত-র জীবনযাত্রা নিয়ে দলের অন্দরে পাহাড়প্রমাণ অভিযোগ জমা হয়েছিল। তারপর অকমিউনিস্টসুলভ আচরণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগেই অপসারিত ঋতব্রত।
রাজ্য কমিটি থেকে অপসারিত হলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে তদন্তে নিযুক্ত তিন সদস্যের কমিশন তাঁকে দোষীসাব্যস্ত করল। মঙ্গলবার রাজ্য কমিটির সভায় এই প্রসঙ্গ উত্থাপনের পর ঋতব্রতকে রাজ্য কমিটি থেকে অপসারিত করার সিদ্ধান্ত নিল সিপিএম।

ঋতব্রত-র জীবনযাত্রা নিয়ে দলের অন্দরে পাহাড়প্রমাণ অভিযোগ জমা হয়েছিল। তারপর অকমিউনিস্টসুলভ আচরণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তাঁর জীবনযাত্রার মান নিয়ে সমালোচনা করায় এক জনের চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন ঋতব্রত। মহিলাঘটিত কিছু অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছিল। এই সমস্ত অভিযোগের শাস্তিস্বরূপ তিনমাস সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে কমিশন গঠনের নির্দেশ দিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
তদন্ত কমিশন গঠন করা সত্ত্বেও ঋতব্রতকে দল থেকে সাসপেন্ড করায় সমালোচনার ঝড় উঠেছিল সিপিএমের অন্দরে। সরাসির বিরোধিতা করেছিল ১৩ জন কমরেড। যদিও তা নিয়ে মাথা ঘামায়নি সিপিএম রাজ্য নেতৃত্ব। ঋতব্রতর বিরুদ্ধে নমনীয়ও হয়নি দল। তারপর তদন্ত কমিশনের তিন প্রতিনিধি মহম্মদ সেলিম, মদন ঘোষ ও মৃদুল দে তাঁকে দোষীসাব্যস্ত করে রিপোর্ট জমা দেয়।

পূর্বনির্দিষ্ট সময়মতো ২ আগস্ট তদন্ত কমিশন রিপোর্ট পেশ করে রাজ্য কমিটির কাছে। ফলে এবার রাজ্য কমিটির বৈঠক ঋতব্রতকাণ্ডে উত্তাল হয়ে উঠবে- এমনটাই মনে করা হয়েছিল। হলও তাই। তদন্ত রিপোর্ট এদিনই প্রকাশ করা হয় রাজ্য কমিটির বৈঠকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ায় তাঁকে রাজ্য কমিটি থেকে অপসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বুদ্ধদেব ঘনিষ্ঠ ঋতব্রত-র বিরুদ্ধে বারবার প্রশ্ন উঠেছে- কেন অকমিউনিস্ট সুলভ আচরণ ও জীবনযাত্রা চালিয়ে যাওয়া সত্ত্বেও ঋতব্রত-র বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না দল? কার প্রশ্রয়ে এইসব চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন দলের তরুণ সাংসদ?
যদিও সেই প্রশ্নের মধ্যে না গিয়ে সূর্যবাবু আগেই জানিয়ে দিয়েছিলেন, 'ঋতব্রতকে দল থেকে তাড়ানো আমাদের উদ্দেশ্য নয়। বরং তাঁর শুদ্ধিকরণই দলের উদ্দেশ্য। সেই কারণেই তিনমাস সাসেপন্ড করে তাঁকে বার্তা দেওয়া হয়েছিল।' এদিন তদন্ত কমিশনের রিপোর্ট ঋতব্রতর বিরুদ্ধে যাওয়ায় সূর্যকান্ত মিশ্রেরও কিছু করার থাকল না। রাজ্য কমিটি থেকে অপসারিত হতেই হল দলের তরুণ মুখ ঋতব্রতকে। ফলে সিপিএমের ভবিষ্যৎ নিয়ে ফের প্রশ্নচিহ্ন পড়ে গেল।












Click it and Unblock the Notifications