RG Kar Case: আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়, ধৃত সিভিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার কোন কোন ধারা?
RG Kar Case Verdict: আরজি কর মামলায় শনিবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) দোষী সাব্যস্ত (Convicted) করা হয় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy)। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত দেখিয়ে চার্জশিট পেশ করে সিবিআই। সমস্ত সাক্ষ্যপ্রমাণ করে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করল নিম্ন আদালত। তিনটি ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত।
ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪ (ধর্ষণ), ধারা ৬৬ (ধর্ষণের সময় এমন আঘাত, যাতে মৃত্যু হতে পারে) ও ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি হতে পারে।

সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন কারাবাস। যদিও এরপর সঞ্জয় রায়ের দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, ধস্তাধস্তি হলে তা ছিঁড়ে পড়েনি কেন? প্রশ্ন সঞ্জয়ের। যদিও বিচার জানিয়ে দেন, সিবিআই যা প্রমাণ দিয়েছে, তাতে প্রমাণিত সঞ্জয় রায়ই একমাত্র দোষী।
যদিও সঞ্জয় রায় বারবার নির্দোষ বলে নিজেকে দাবি করেন। বিচারককে তাঁর বয়ান শোনার অনুরোধ করেন সঞ্জয়। রায় ঘোষণা করে বিচারক জানিয়ে দেন, সোমবার তিনি বাকি কথা শুনবেন। এদিকে রায় শুনে নির্যাতিতার বাবা কান্নায় ভেঙে পড়েন। বিচারক তাদের আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। সোমবার দুপুর সাড়ে ১২টায় সাজা ঘোষণা করবে আদালত।
তবে সঞ্জয় রায় দোষী হলেও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু গ্রেফতারির ৯০ দিন পেরিয়ে গেলেও আদালতে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় শিয়ালদহ কোর্ট দুজনকেই জামিনে মুক্তি দেয়। যদিও আরজি করে দুর্নীতির মামলায় বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ।
সূত্রের খবর, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগের ভিত্তিতে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে সিবিআই। তখনই জানা যাবে আর কার কার বিরুদ্ধে কী অভিযোগ উঠে আসে। কাজেই মামলার নিষ্পত্তি হয়ে গেল তা এখনই বলা যাবে না। সঞ্জয় রায়ের বিরুদ্ধে রায়দান ঘোষণার হয়ে গিয়েছে। এই পর্ব মিটিয়েই তথ্যপ্রমাণের অভিযোগে সন্দীপদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে সিবিআই।












Click it and Unblock the Notifications