আরজি কর কাণ্ডে অভিযুক্তরা জামিন পেয়ে যাবে? বড় আশঙ্কা চিকিৎসকদের! কী হবে এখন...
RG kar Doctor Protest: আরজি কর কাণ্ডের আজ ৮৩ দিন! এখনও বিচার অধরা। নৃশংস এবং ধর্ষণের ঘটনার চক্রান্ত ফাঁস করতে পারেনি সিবিআই। যা নিয়ে ফের একবার ক্ষোভ উগরে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এমনকি ঘটনায় যে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তা মোটেই সন্তোষজনক নয় বলেও দাবি।
এই অবস্থায় আগামিদিনে আরও বৃহত আন্দোলনের হুঁশিয়ারি চিকিৎসকদের (RG kar Doctor Protest) । আগামী ৯ নভেম্বর অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার ৯০ দিন। অর্থাৎ তিন মাস হবে। সেদিন ফের একবার শহরের বুকে হবে মহামিছিল। আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক দেবাশীষ হালদার জানান, আগামী ৯ তারিখ বিকেল ৩টে থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে।

সেই মিছিলে সমস্ত নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বিচারের দাবিতে আন্দোলন আগামীদিনে কেমন হবে তা মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন দেবাশীষ।
শুধু তাই নয়, সেদিন সকালে বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারি প্রদর্শিত হবে। বিভিন্ন ছবি, ভিডিও, আর্ট ইনস্টলেশনের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে চিকিৎসকদের তরফে। তবে আগামী ৫ তারিখ সুপ্রিম কোর্টে ফের অভয়ার মামলার শুনানি আছে। এরপর শিয়ালদহ আদালতেও তোলা হবে অভিযুক্তদের। এই দুই আদালতে সিবিআই কি জানায় সেদিকে নজর থাকবে।
এরপরেই আন্দোলনের রূপরেখা তৈরি হবে বলেও হুঁশিয়ারি দেবাশিষ-কিঞ্জল নন্দদের। এদিন দেবাশিষ আরও জানান, অভয়ার ন্যায়বিচারের জন্য গোটা বাংলার মানুষ তো বটেই, বিশ্বের মানুষ অপেক্ষায় আছে। আন্দোলনের চাপে মামলার তদন্তভার সিবিআই'য়ের হাতে গিয়েছে। কিন্তু যেভাবে তদন্ত হচ্ছে তা অন্তত স্লথ। এমনকি অভিযুক্তদের জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলেও আশঙ্কা আন্দোলনকারী চিকিৎসকদের।
শুধু তাই নয়, অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় একটি চার্জশিটের কপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে কোনও তথ্য নেই। কেন সন্দীপ ঘোষ সহ বাকিদের নাম চার্জশিটে রাখা হল না তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে বিচার না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন অভয়ার মা-বাবাও। আগামীদিনে আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি তাঁদের। পাশাপাশি গোটা বাংলা যখন আলোর উৎসবে মেতে তখন অভয়া নেই। ৯ অগাস্ট থেকেই জীবনে অন্ধকার নেবে এসেছবে বলে মন্তব্য বাবার।












Click it and Unblock the Notifications