RG Kar Hospital Viral Video: ঘটনার পর কী হয়েছিল? সেমিনার হলের ভিডিও ভাইরাল ১৮দিন পর
RG Kar Hospital Viral Video: জুনিয়ার চিকিৎসক 'অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা। আন্দোলন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি বিদেশের মাটিতেও আরজি করে'র ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ জানাচ্ছেন প্রবাসীরা। আর এর মধ্যেই সেমিনার হল অর্থাৎ ঘটনাস্থলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনার প্রায় ১৮ দিন কেটে গিয়েছে। হঠাত করেই আরজি কর হাসপাতালের সেমিনার হলের একটি ভিডিও (সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা) সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, একেবারে থিকথিক করছে ভিড়। যে কেউ ঘরে ঢুকছেন এবং বেরিয়েও যাচ্ছেন। এমনকি ভাইরাল হওয়া ভিডিওতে (RG Kar Hospital Viral Video) এমন বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে যাদের সেখানে যাওয়ার কথাও নয়।

আর সেই বিষয়টিকে তুলে ধরে পুলিশ-প্রশাসনকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। ভাইরাল এই ভিডিও ঘিরে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি। প্রশ্ন উঠছে ঘটনাস্থল সুরক্ষিত কেন করা হল না? আরজি কর কাণ্ডের ঘটনার পরেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
বিশেষ করে এফআইআর দায়ের সহ একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছে খোদ সুপ্রিম কোর্ট। এমনকি ময়নাতদন্তের পরে আননেচারাল ডেথ অর্থাৎ ইউডি মামলা দায়ের করা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ। শুধু তাই নয়, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে 'অভয়া'র বাবা-মা মেয়ে দেহ দেখতে না দেওয়া একের পর এক চাঞ্চল্যকর দাবি করে এসেছে।
আর এর মধ্যে ভাইরাল চাঞ্চল্যকর একটি ভিডিও। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা সেই ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি। তবে দেখা যাচ্ছে ঘটনাস্থলে বহু মানুষের ভিড়। রয়েছেন পুলিশ আধিকারিক সহ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আপ্তসহায়কও। এমনকি আইনজীবীদেরও দেখা যাচ্ছে বলে খবর। রয়েছেন সিবিআই স্ক্যানারে থাকা সন্দীপ সোমও। বিশেষজ্ঞরা বলছেন, ঘটনার পরেই ঘটনাস্থল ঘিরে দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তা করেনি। পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন ফরেন্সিক এক্সপার্টরা।












Click it and Unblock the Notifications