Santanu Sen: 'ঈশ্বর আজ আরো একবার প্রমাণ করলেন', সন্দীপ গ্রেফতার হতেই গর্জে উঠলেন 'বিদ্রোহী' তৃণমূল নেতা
RG kar Hospital-Santanu Sen: আরজি কর-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআই'য়ের জালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর আগে আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার ধর্ষণ এবং খুনের মামলাতেও সন্দীপ ঘোষকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তদন্তকারী সংস্থার এহেন পদক্ষেপের পরেই কার্যত হাততালি দিতে দেখা যায় অবস্থানে থাকা জুনিয়ার ডাক্তারদের। সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন 'বিদ্রোহী' তৃণমূল নেতা শান্তনু সেন। আরজি কর কাণ্ড নিয়ে দলের বিরুদ্ধে মুখ খুলে পদ হারান প্রাক্তন এই সাংসদ (RG kar Hospital-Santanu Sen) ।

স্পষ্ট জানিয়ে ছিলেন, এই ইস্যুতে সরকারকে আর ডিফেন্ড করবেন না। এমনকি মুখ্যমন্ত্রী সঠিক তথ্য জানেন না বলেও মন্তব্য করেন প্রাক্তন তৃণমূল মুখপাত্র (RG kar Hospital-Santanu Sen) । এরপরেই মূলত তাঁর উপর খাড়া নেমে আসে। পদের পাশাপাশি একাধিক দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এরপরেও নিজের অবস্থানে অনড় ছিলেন। আরজি কর কাণ্ডে চিকিৎসকদের সঙ্গেই স্লোগান তুলতে দেখা যায়।
শনিবার রাতে সন্দীপ ঘোষ ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেফতার হতেই ফেসবুক পোস্ট 'বিদ্রোহী' তৃণমূল নেতার। তিনি লিখলেন, ''আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত,অপরাধ মনষ্ক লোকটির বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিলাম আমি''। শুধু তাই নয়, তিনি যে সঠিক ছিলেন তাও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ সান্তনু সেনের। একই সঙ্গে তাঁর মন্তব্য, ''ঈশ্বর আজ আরো একবার তা প্রমাণ করলেন''। এর আগেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।
আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হতেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে লিখেছিলেন, ''"ঈশ্বর বিচার করলেন। প্রমাণ হল আমি ভুল বলিনি। সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম।"। এদিন নতুন করে শান্তনু সেনের এহেন পোস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে একেবারে স্পিকটি নট শাসকদলের নেতারা।
বলে রাখা প্রয়োজন, অভয়াকে নৃশংস ভাবে ধর্ষণ এবং খুন কাণ্ডে সন্দীপ ঘোষের পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি আছে। শুনানির আগেই কেন্দ্রীয় তদন্তকারীকারী সংস্থার এহেন পদক্ষেপ কার্যত 'মাস্টারস্ট্রোক' বলছে নাগরিক সমাজ। উচ্ছ্বাস আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের মধ্যেও।












Click it and Unblock the Notifications