RG Kar Incident: সন্দীপ ঘোষকে নিয়ে অবস্থান স্পষ্ট করল স্বাস্থ্য দফতর, হাইকোর্টেও টানটান লড়াই
RG Kar Incident: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ হাসপাতালের প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে অন্যত্র বদলির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেইমতো সন্দীপকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ করা হলেও প্রতিবাদের ঢেউয়ে সেই পদে যোগ দিতে পারেননি। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দীপ ছুটির আবেদন করেন। এবার তাঁকে নিয়ে ফের বিড়ম্বনায় সরকার।

সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। হবে পলিগ্রাফ টেস্টও। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, সন্দীপকে স্বাস্থ্য দফতরের ওএসডি করা হয়েছে। তা নিয়ে ফের বিতর্ক শুরু হয়। যার জেরে তৃণমূল কংগ্রেস ও স্বাস্থ্য দফতরকে বিবৃতি দেওয়া হলো।
এদিন সকালে তৃণমূলের মিডিয়া টিমের দায়িত্বপ্রাপ্ত কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লেখেন, সন্দীপ ঘোষ এখন স্বাস্থ্য ভবনের OSD বলে যা রটনা, যারা নানারকম পোস্ট করছেন, সবটাই ভুল। সন্দীপ ঘোষ National Medical-এর অধ্যক্ষ থেকেও বদলি। আপাতত ছুটিতে। কোনো পদ নেই। রটনা এবং ভুল প্রচার বন্ধ হোক।
দুপুরে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সাংবাদিকদের বলেন, সন্দীপ ঘোষকে আর জি কর হাসপাতালের প্রিন্সিপাল পদ থেকে প্রথমে সরানো হয়। পরে তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখান থেকেও সেই নির্দেশিকা বাতিল করা হয়েছে। এমনকী এই মুহূর্তে স্বাস্থ্য দফতরের কোনও ওএসডি পদেও তিনি নেই।
সন্দীপকে এক্সট্রা অর্ডিনারি লিভে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর। এক বছর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে স্বাস্থ্য দফতর কোনও পদক্ষেপ করেছিল কিনা সেই প্রশ্নের উত্তরে নিগম বলেন, আমরা অভিযোগ পেয়েছিলাম। তদন্ত করেছি। এখন গোটাটাই সিট দেখছে।
এদিকে, সন্দীপের বিরুদ্ধে ওঠা যাবতীয় আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই করবে বলে আজ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন সন্দীপ। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে সন্দীপের আইনজীবীকে বিচারপতি নির্দেশ দেন, রায়ের কপি হাতে পেয়ে তবেই আসতে।












Click it and Unblock the Notifications