RG Kar Case: চিনারপার্কে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে তল্লাশি, বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
আরজি কর হাসপাতালের ঘটনায় এবার সন্দীপ ঘোষের বাবার বাড়িতে তল্লাশি শুরু করল ইডি। চিনারপার্কে রয়েছে সন্দীপ ঘোষের বাবার বাড়ি। বৃহস্পতিবার সকালে ইডির তদন্তকারী আধিকারীকরা সেখানে গিয়ে দেখেন যে ঘরের তালা বন্ধ।
প্রতিবেশী একজনের কাছ থেকে বাড়ির সদর দরজার চাবি নিয়ে ভেতরে ঢোকেন তাঁরা। বাড়ির ভেতরে ঢুকে তাঁরা দেখেন যে সব ঘরে তালা দেওয়া। তার পর চাবিওয়ালাকে ডেকে এনে তাঁরা প্রতিটি ঘরের দরজা খোলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আরজি কর ঘটনা হওয়ার একমাস আগেই সন্দীপ ঘোষের বৃদ্ধ বাবা-মা দিল্লি চলে গিয়েছেন।

তদন্তকারীদের বাড়িতে তল্লাশি চালাতে দেখে সেখানে জড়ো হতে শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সন্দীপ ঘোষের বাবার বাড়ির সামনে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে শুরু করেন। তাঁরা জানিয়েছেন সন্দীপ ঘোষ মাঝে মধ্যেই নেই বাড়িতে আসতেন। বাবা-মায়ের বাজার করে দিয়ে যেতেন। কিন্তু গত একমাস ধরে তাঁদের কাউকেই এখানে আর দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারা বাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।
প্রসঙ্গত উল্লেখ্য সন্দীপ ঘোষের একাধিক বাড়ির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সোনারপুর, ক্যানিং থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত ছড়িয়ে রয়েছে সন্দীপ ঘোষের সম্পত্তি। এমনকী সন্দীপ ঘোষ এবং তাঁর স্ত্রীর নামেও একাধিক গাড়ির হদিশ মিলেছে। কোন টাকা দিয়ে এই গাড়ি এবং বাড়ি করা হয়েছে তার খোঁজ করছেন তদন্তকারীরা।
আরজি কর হাসপাতালের একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছো সন্দীপ ঘোষের বিরুদ্ধে। হাসপাতালের বায়ো মেডিক্যাল বর্জ্য থেকে শুরু করে মর্গের দেহের অঙ্গ পাচার করার ঘটনায় নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের। তারপরেই এক যোগে সিবিআই এবং ইডি তদন্ত শুরু করেছে। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications