High Court-RG Kar Hospital: আরজি কর-কাণ্ডে সিবিআইকে সম্পূর্ণ স্বাধীনতা হাইকোর্টের! সঙ্গে দেওয়া হল বড় নির্দেশও
High Court-RG Kar Hospital: আরজি কর-কাণ্ডের তদন্তে সিবিআইকে সম্পূর্ণ স্বাধীনতা দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে তদন্তের অগ্রগতি কোন অবস্থায়? তা রিপোর্ট আকারে জমা দেওয়ারও নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি স্বাধীনতা দিবসের রাতের ঘটনা নিয়েও এদিন আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে।
কেন ইন্টালিজেন্স রিপোর্ট ছিল না তা নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আরজি কর-কাণ্ড নিয়ে (High Court-RG Kar Hospital) উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনায় দেশজুড়ে বিক্ষোভে চিকিৎসকরা। ঘটনার পরেই সিবিআই দাবি সহ একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে।

ইতিমধ্যে মামলার তদন্ত সিবিআই'কে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যেই বুধবার রাতে হাসপাতালে হামলার ঘটনা ঘটে। যা নিয়ে একেবারে নিন্দার ঝড় সর্বত্র। আর তা নিয়েও নতুন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন একাধিক আইনজীবী। একই সঙ্গে মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়।
সেই আবেদনও মঞ্জুর করা হয়। সেই মতো প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি চলাকালীন একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি। বিশেষ করে কীভাবে হামলা? তা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি সেমিনার হলের কাছের ঘরটি এখনই কেন ভাঙতে হল তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।
যদিও মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী জানান, ঘটনাস্থল সম্পূর্ণ ভাবে নিরাপদ রয়েছে। সেখানে কোনও ঘটনা ঘটেনি। যদিও পুরো বক্তব্য রাজ্যকে হলফনামা আকারে জমা দেওয়ার কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
হাসপাতালে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। শুধু তাই নয়, কোন পথে তদন্ত এগোচ্ছে, অগ্রগতিই বা কি রয়েছে তা দেখবে কলকাতা হাইকোর্ট। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে। সেদিনই সিবিআইকে এই সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নজরদারিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। আর সেই তদন্তে ইতিমধ্যে একটি টিম গঠন করা হয়েছে। যেখানে দিল্লি থেকে বিশেষ ফরেন্সিক এবং চিকিৎসকদের নিয়ে আসা হয়েছে। গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যে আরজি কর হাসপাতালে নিয়ে কয়েক দফায় নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
ঘটনাস্থলের ভিডিওগ্রাফিও করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন জুনিয়ার চিকিৎসক এবং ঘটনার সময় ছিলেন এমন ডাক্তারদেরও জেরা করেছে সিবিআই।












Click it and Unblock the Notifications