আরজি করের চিকিৎসকদের আন্দোলনকে কটুক্তি, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে হাইকোর্টে মামলা
প্রতিবাদ ধর্নামঞ্চে চিকিৎসকদের আন্দোলন সম্পর্কে অসম্মানজনক কথা বলেছিলেন। বিরোধীদেরও একতরফা আক্রমণ করেছিলেন। সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে এবার মামলা হল। কলকাতা হাইকোর্টে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
তৃণমূল বিধায়ক দিন কয়েক আগে এই ধর্নামঞ্চে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি গরমাগরম বক্তব্য রেখেছিলেন৷ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা। প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে। জুনিয়র চিকিৎসকদের শান্তিপূর্ণ ধর্না কর্মসূচি দেখেছে গোটা বাংলা৷ বিচার না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে৷ সেই কথা জানিয়ে দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা, মন্ত্রী, কর্মীদের 'ফোঁস' করতে বলেছেন। বিরোধীদেরও পাল্টা আক্রমণের পথে হাঁটছে তৃণমূল। এই অবস্থায় প্রতিবাদ, ধর্না কর্মসূচি নিয়েছে তৃণমূল। তেমনই একটি কর্মসূচিতে লাগামহীন আক্রমণাত্মক বক্তব্য রাখেন সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।
চিকিৎসকদের আন্দোলন, কর্মবিরতি প্রসঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কাজ বন্ধ রেখেছেন। তারা আউটডোরে রোগী দেখছেন না৷ দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ৷ এই অভিযোগ তৃণমূলের থেকে তোলা হচ্ছে৷ চিকিৎসকদের আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে 'কসাই' প্রসঙ্গ আনেন লাভলি৷ সেই নিয়েই নতুন বিতর্কের জন্ম হয়৷
আরজি কর নিয়ে চিকিৎসকদের আন্দোলনকে অসন্মান, ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে৷ এবার কলকাতা হাইকোর্টে মামলা হল সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। সম্ভবত আগামী পরশু শুক্রবার এই মামলার শুনানি।
ওই বক্তব্য রাখার পরেই বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সুপ্রিম কোর্ট আন্দোলনরত চিকিৎসকদের পাশে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের সমর্থন করছেন। তাহলে লাভলি এমন মন্তব্য কীভাবে করতে পারেন? সেই প্রশ্ন উঠেছে। তৃণমূলের তরফে লাভলিকে সেই ঘটনার পর সতর্কও করা হয়েছে৷












Click it and Unblock the Notifications