আরজি কর কাণ্ডে গান, অরিজিৎ সিংকে এবার নিশানা করলেন কুণাল ঘোষ?
আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনা নিয়ে প্রতিবাদে সরব গায়ক অরিজিৎ সিং। ইতিমধ্যেই সেই ঘটনায় তিনি গান বেঁধেছেন। সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার অরিজিৎ সিংকে নিশানা করলেন কুণাল ঘোষ।
সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ একটি লেখা পোস্ট করেছেন। অরিজিৎ সিং ও তাঁর সদ্য প্রকাশিত গান সম্পর্কে মন্তব্য করেছেন তিনি। তবে সেই মন্তব্যে একটা অংশ তাৎপর্যপূর্ণ। সেই ঘিরেই চলছে রাজনৈতিক চর্চা। কী লিখলেন তৃণমূলের এই নেতা?

আরজি কর কাণ্ড নিয়ে গান বেঁধেছেন অরিজিৎ সিং। 'আর কবে' নামক সেই গান একাধিক প্রশ্ন তুলেছে বর্তমান সময়কে সামনে রেখে। রাজ্যের শাসক দলকে ইঙ্গিত করেও সেই গানের মর্মার্থ। এমন মনে করছে ওয়াকিবহাল মহলের একটা অংশ। এবার সেই বিষয়ে খোঁচা দিলেন কুণাল ঘোষ৷
বাংলার ক্ষেত্রেই শুধু 'বিবেক জাগে' সেই খোঁচা দিয়েছেন তিনি। কুণাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, " অরিজিৎ সিং অপূর্ব গায়ক৷ ছেলেটিও ভালো৷ তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়।"
কিন্তু এরপরেই খোঁচা মেরেছেন কুণাল। অরিজিৎ সিং মুম্বইয়ের শিল্পী। বলিউড জগতে তাঁর কাজকর্ম। আগামী দিনেও তিনি বলিউড শিল্পী হিসেবে কাজ করবেন। কাজেই সেখানে কোনও ঘটনায় তিনি প্রতিবাদ করবেন না। এমন কথা কি বলতে চেয়েছেন কুণাল? তিনি আরও লিখেছেন, " মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ, ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?"
মহারাষ্ট্রের বদলাপুরেও নাবালিকা ছাত্রীর উপরে যৌন নির্যাতন হয়েছে। স্কুলের মধ্যে সেই ঘটনা ঘটে। মহারাষ্ট্র হাইকোর্ট সেই ঘটনা নিয়ে যথেষ্ট কড়া মন্তব্য করেছে। রাষ্ট্রপতিও সেই ঘটনায় সরব হয়েছেন। অরিজিৎ সিং তাঁর গানে বদলাপুর প্রসঙ্গ আনেননি। কেবল আরজি করের ঘটনা নিয়ে গান বেঁধেছেন। তাই নিয়ে এবার নিশানা করেছেন এই তৃণমূল নেতা।
'দ্য ওয়েস্ট বেঙ্গল ডায়েরি' সিনেমা মুক্তি পেয়েছে শুক্রবার। তাই নিয়েও রাজনৈতিক চর্চা চলছে। কুণাল ঘোষ টলিউড জগতকে নিশানা করে মন্তব্য করেছেন। টলিউডে এই ধরনের কাজ হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা তৈরি হয় না। কোনও অভিনেতা-অভিনেত্রী কলাকুশলীরা এই ধরনের কাজ করতে এগিয়ে আসেন না। এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল। তাই নিয়েও শুরু হয়েছে চর্চা।












Click it and Unblock the Notifications