RG Kar Case: “ফাঁসি হলে, হোক,” ছেলের সর্বোচ্চ শাস্তির দাবি সঞ্জয় রায়ের মায়েরও; অভয়ার পরিবারকে সমবেদনা
RG Kar Case: আরজি কর মামলায় আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy Convicted)। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar rape and murder) ঘটনার ১৬২ দিনের মাথায় রায় ঘোষণা করেছে আদালত। সোমবার সাজা ঘোষণা হবে সঞ্জয়ের বিরুদ্ধে। সঞ্জয় দোষী প্রমাণিত হতেই পাশে নেই তার পরিবারও। দোষ করে থাকলে শাস্তি হবেই, মত সঞ্জয়ের মায়েরও।
সঞ্জয়ের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ও সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাবাস ঘোষণা হতে পারে সোমবার। তার আগে ছেলের এমন কীর্তি শুনে সঞ্জয়ের মা বছর সত্তরের মালতী রায় বললেন, সঞ্জয় সত্যিই দোষী হলে ওর বিরুদ্ধে যে শাস্তি প্রযোজ্য, তাই পাওয়া উচিত। তাতে যদি ফাঁসিও হয়, হোক। আদালতের রায় মেনে নেওয়ার কথা বলে তিনি জানান, হয়ত একা একা কাঁদতে হবে তাঁকে। কিন্তু ছেলের ভাগ্য হিসেবেই মেনে নেবেন সবটা।

এদিন আরজি করের নির্যাতিতার মায়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করতেও দেখা গেল সঞ্জয়ের মা মালতীদেবীকে। গতকাল ছেলের দোষী সাব্যস্ত হওয়া নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ না খুলতে চাইলেও রবিবার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়ির দুয়ারে দাঁড়িয়ে সঞ্জয়ের মা বলেন, "আমি নিজে একজন মহিলা ও তিন মেয়ের মা। নির্যাতিতার মায়ের কষ্ট আমি অনুভব করতে পারছি। আরজি করের নির্যাতিতাও আমার মেয়ের সমান।"
আদালত যদি সর্বোচ্চ সাজাও ঘোষণা করে, তাতেও বিন্দুমাত্র কষ্ট পাবেন না বলে জানান সঞ্জয়ের মা। তিনি জানান, এতদিন আদালতের কোনও শুনানিতেই হাজির হননি তিনি। পুলিশ হেফাজতে থাকাকালীন ছেলেকে দেখতেও যাননি তিনি। যদি ছেলে নিরপরাধ প্রমাণিত হত, তাহলে হয়ত অন্তত তাকে দেখতে যেতেন বলে জানান সঞ্জয়ের মা। সঞ্জয়ের বোনও জানিয়েছেন একই কথা। ভাই দোষী হলে অবশ্যই ওর শাস্তি পাওয়া উচিত বলে জানান তিনি। এব্যাপারে তারা আইনি লড়াই করবেন না বলেও জানিয়ে দেন।
উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪ (ধর্ষণ), ধারা ৬৬ (ধর্ষণের সময় এমন আঘাত, যাতে মৃত্যু হতে পারে) ও ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি হতে পারে। সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন কারাবাস। যদিও এরপর সঞ্জয় রায়ের দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, ধস্তাধস্তি হলে তা ছিঁড়ে পড়েনি কেন? প্রশ্ন সঞ্জয়ের।
যদিও বিচার জানিয়ে দেন, সিবিআই যা প্রমাণ দিয়েছে, তাতে প্রমাণিত সঞ্জয় রায়ই একমাত্র দোষী। যদিও সঞ্জয় রায় বারবার নির্দোষ বলে নিজেকে দাবি করেন। বিচারককে তাঁর বয়ান শোনার অনুরোধ করেন সঞ্জয়। রায় ঘোষণা করে বিচারক জানিয়ে দেন, সোমবার তিনি বাকি কথা শুনবেন। এদিকে রায় শুনে নির্যাতিতার বাবা কান্নায় ভেঙে পড়েন। বিচারক তাদের আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। সোমবার দুপুর সাড়ে ১২টায় সাজা ঘোষণা করবে আদালত।












Click it and Unblock the Notifications