RG Kar case: "সিবিআই কি শীতঘুমে?" CGO কমপ্লেক্সে আরজি করকাণ্ডের প্রতিবাদ চিকিৎসক-নার্সদের, 'ধিক্কার' পুলিশকেও
RG Kar case: আট মাস পেরিয়ে গেলেও বিচার মেলেনি। আরজি কর কাণ্ডে এবার সিজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসক ও নার্সদের। এখনও কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হল না, সেই প্রশ্ন তুলে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযান চিকিৎসক ও নার্স সংগঠনগুলির। একা সঞ্জয় নয়, বাকি অপরাধীদের কেন সিবিআই খুঁজে বের করছে না? প্রশ্ন চিকিৎসকদের।
এদিকে সিজিও কমপ্লেক্সের বাইরে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ। বিক্ষোভকারীদের গার্ডরেল দিয়ে আটকে দেয় পুলিশ। সিজিও কমপ্লেক্সের বাইরেই স্লোগান চিকিৎসকদের। 'উই ওয়ান্ট জাস্টিস' ও 'জাস্টিস ফর আরজি কর' স্লোগানে মুখরিত হল এলাকা। বাইরে বিধাননগর কমিশনারেটের পুলিশ ও সিজিওর ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মোতায়েন রয়েছেন।

পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও একপ্রস্থ ধাক্কাধাক্কিও হয় আন্দোলনকারীদের। গার্ডরেল ভেঙে সিজিওর ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন চিকিৎসক ও নার্সরা। অন্তত কয়েকজনকে ডেপুটেশন দেওয়ার জন্য ভেতরে যেতে দেওয়ার অনুরোধ জানানো হয় চিকিৎসকদের তরফে। যদিও পুলিশ তাদের প্রতিহত করে।
বিক্ষোভকারী এক চিকিৎসক বলেন, "সঞ্জয় ছাড়া বাকি অভিযুক্তরা কেন এখনও আড়ালে? সিবিআই কি এতদিন শীতঘুমে ছিল?" পুলিশ প্রশাসনকেও ধিক্কার জানান বিক্ষোভকারী চিকিৎসকরা। সিবিআইকে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবি চিকিৎসকদের।
প্রসঙ্গত, সোমবারই হাইকোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। নতুন করে তদন্তের আর্জি শোনেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন আদালতে বিচারপতি সিবিআইকে প্রশ্ন করেন, "তদন্তে কোথাও গিয়ে কি মনে হয়েছে এটা গণধর্ষণের ঘটনা? কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত, নাকি আর কেউ আছে? এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট?" স্টেটাস রিপোর্ট নয়, সোজা কেস ডায়েরি আনতে সিবিআইকে নির্দেশ দেন বিচারপতি।
এদিন আদালতে রওনা দেওয়ার আগে সিবিআইয়ের বিরুদ্ধে ফের ক্ষোভ উগড়ে দেন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। এতদিন কেন সিবিআই কিছু করেনি? ৭ মাস পর নড়েচড়ে বসে কী লাভ হবে? সেই প্রশ্ন তোলেন তারা। একই দাবিতে এবার সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখালেন চিকিৎসক ও নার্সরা। পাশাপাশি হাসপাতালে থ্রেট কালচারেরও কোনও সাজা হয়নি বলে দাবি তাঁদের। সব মিলিয়ে ৭ মাস পরেও বিচারের দাবিতে সরগরম তিলোত্তমা।












Click it and Unblock the Notifications