RG Kar case: রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্ন CBI-এর, সোমে পরের শুনানিতে থাকছে পরিবারও
RG Kar case Calcutta HC: আরজি কর মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি (Sanjoy Roy Death Penalty) চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য। বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হয় শুনানি। শুরুতেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল সিবিআই (CBI)। পরিবারকে ছাড়া বিচার প্রক্রিয়া চালানো সম্ভব নয় বলে পর্যবেক্ষণ আদালতেরও। নিহত চিকিৎসকের পরিবারের বক্তব্য শুনতে চান বিচারপতি। সোমবার মামলার পরবর্তী শুনানি।
এদিন মামলার শুনানিতে সওয়াল জবাবের শুরুতেই সিবিআই রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করে। উপযুক্ত সাজা ঘোষণা হয়নি এই মর্মে বিরোধিতা করে পুলিশ বা রাজ্যের মামলা করার অধিকার নেই বলে দাবি করে সিবিআই। এব্যাপারে তদন্তকারী সংস্থা যদি মনে করে সাজা উপযুক্ত হয়নি, তাহলে তারা-সহ সংশ্লিষ্ট পরিবার ও মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে, এই তিনপক্ষই করতে পারে মামলা, দাবি সিবিআইয়ের।

যদিও, সরকারের তরফে আদালতে পাল্টা বলা হয়, প্রাথমিক পর্যায়ে পুলিশের কাছেই অভিযোগ জানিয়েছিল পরিবার। পুলিশই ঘটনার প্রাথমিক তদন্ত করে। পরে আদালতের নির্দেশে সিবিআইয়ের উপর তদন্তভার বর্তালেও রাজ্যের হাত থেকে অধিকার কেড়ে নেওয়ার বাধ্যবাধকতা নেই। সাজা নিয়ে রাজ্য তাদের আপত্তি জানাতে পারবে না এমন নিষেধাজ্ঞা নেই। তাই রাজ্যও আবেদন জানাতে পারে বলে সওয়াল সরকারের আইনজীবীর।
পরিবার মামলার কথা জানে কি না তা নিয়ে এদিনের শুনানিতে রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি। পরিবার জানে না বলে আদালতে জানায় রাজ্য। বিচারপতি বলেন, পরিবার আদালতের বাইরে কি মতামত প্রকাশ করছেন সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু পরিবারকে ছাড়া বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব? পাল্টা প্রশ্ন বিচারপতির। আজকের মধ্যে পরিবারকে জানানো সম্ভব কি না তাও জানতে চান বিচারপতি দেবাংশু বসাক। জানানো সম্ভব বলে জানায় রাজ্য। আরজি করের নিহত চিকিৎসকের পরিবারের বক্তব্য শুনতে চান বিচারপতি।
বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের একটি নির্দেশনামা দেখা যাচ্ছে যে উপযুক্ত সাজা দেওয়া হয়নি এই মর্মে তদন্তকারী সংস্থা এবং রাজ্যের তরফে মামলা করা হয়েছিল। তদন্তকারী সংস্থার মামলা গ্রহণ করা হলেও রাজ্যের আবেদন গ্রহণ করা হয়নি। তারা মামলা করতে পারে না এই মর্মে সুপ্রিম কোর্ট মতপ্রকাশ করেছিল। পাল্টা রাজ্যের সওয়াল, মহামান্য আদালত সুপ্রিম কোর্টের যে নির্দেশের কথা বলছে সেখানে অভিযুক্তকে খালাস করে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে পরিস্থিতি অন্য।
সাজাপ্রাপ্ত আসামির আইনজীবী কে সেই প্রশ্নও করেন বিচারপতি। লিগ্যাল এইড থেকে আইনজীবী দেওয়া হয়েছে বলে জানায় রাজ্য। এই পর্যন্ত বুধবার চলে সওয়াল জবাব। আগামী সোমবার রয়েছে পরবর্তী শুনানি। সেদিন পরিবার ও আসামি সঞ্জয় রায়ের আইনজীবীর উপস্থিতির কথা জানানো হয়েছে। রাজ্যের মামলা আদৌ গ্রহণ হয় কি না, তা জানা যাবে সোমবারের শুনানিতেই।












Click it and Unblock the Notifications