উত্তরবঙ্গ থেকে ফিরেই রিষড়া নিয়ে কড়া বার্তা! ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস
রবিবার রাম-নবমীর মিছিলে উত্তর হয়েছিল রিষড়া। সেদিনই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরেও সোমবার সেখানে দফায় দফায় অশান্তি হয়। রাজ্যপাল উত্তরবঙ্গ সফর কাটছাট করে কলকাতায় ফিরে ফের একবার রিষড়া নিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, যারা অশান্তি তৈরি করেছে তাদের কোনওভাবেই ছাড় নয়। তারপরেই তিনি রিষড়ার উদ্দেশে রওনা দেন।

দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে
কলকাতায় ফিরেই রিষড়া নিয়ে কড়া বার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত কয়েকদিনের অশান্তির দিকে তিনি নজর রেখেছেন বলে জানান রাজ্যপাল। তিনি বলেন, মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। যারা শান্তি বিঘ্নিত করছে, তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা
সোমবার রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে রিষড়ার ৪ নম্বর গেট এলাকা। এদিন সেখানেই যান রাজ্যপাল। সেখানে দাঁড়িয়ে তিনি কথা বলেন, চন্দননগরের পুলিশ কমিশনারের সঙ্গে। তাঁর কাছ থেকে তিনি ঘটনার রিপোর্ট নেন। তিনি জানার চেষ্টা করেন, সোমবার ঠিক কী হয়েছিল। পুলিশই বা কী ব্যবস্থা নিয়েছিল তা জানতে চান রাজ্যপাল।

রিষড়াতে গিয়েও কড়া বার্তা
রিষড়ায় গিয়েও রাজ্যপাল দুষ্কৃতীদের উদ্দেশে কড়া বার্তা দেন। দুষ্কৃতীদের হাতে আইন তুলে নিতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন রাজ্যপাল। শান্তিভঙ্গকারীদের বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন রাজ্যপাল। রিষড়ায় শান্তি প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার সব করা হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় মানুষের সঙ্গে কথা
রাজ্যপাল রিষড়ায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয়রা সোমবার রাতের ভয়ঙ্কর অবস্থার কথা বর্ণনা করেন। রাজ্যপালকে ঘিরে ছিলেন পুলিশ আধিকারিকরা। সাধারণ মানুষ বলছেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
|
রবিবারেও কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল
রবিবারও রিষড়া নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর। সেদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যমে বিবৃতি দেন। তিনি বলেছিলেন, দাঙ্গাবাজরা শীঘ্রই বুঝতে পারবে তারা আগুন নিয়ে খেলছে। তিনি বলেছিলেন, গুণ্ডা ও দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করা হবে। গণতন্ত্রকে কখনই লাইনচ্যুত হতে দেওয়া হবে না।

রবিবার বিকেল থেকে হিংসা শুরু রিষড়ায়
রবিবার বিকেল থেকে হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনার শুরু। রামনবমীর মিছিলে ছিলেন দিলীপ ঘোষ। ছিলেন বিজেপির এক বিধায়কও। হঠাৎই মিছিলের ওপরে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। অস্ত্র নিয়ে হামলাও করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় এক বিজেপি বিধায়ক আহত হন। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। তারপরে সোমবার রাতেও সেখানে ব্যাপক গণ্ডগোল হয়। ট্রেনে পাথর ছোড়া হয়।












Click it and Unblock the Notifications