Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ইডির পর সিবিআইয়ের মামলাতেও জামিন অয়ন শীলের, হবে জেলমুক্তি?
Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের মামলায় জামিন পেলেন অয়ন শীল। বিশেষ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। হুগলির অয়ন শীলের আগেই ইডির মামলায় জামিন হয়েছিল। যদিও সিবিআইয়ের মামলায় জামিন হলেও এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না।
পুর নিয়োগ দুর্নীতি মামলাতেও অভিযুক্ত অয়ন শীল। সেই কারণে তাঁকে এখনও জেলে থাকতে হবে। শিক্ষক ও পুর নিয়োগ দুর্নীতির সবকটি মামলার অধিকাংশেই জামিন মিলেছে। আর একটি মামলায় জামিন হলেই সম্ভবত জেল থেকে বের হতে পারবেন অয়ন শীল। নিয়োগ দু্র্নীতি মামলায় ইডি ও সিবিআই তদন্তে নামে। ২০২৩ সালের মার্চ মাসে হুগলির অয়ন শীলকে গ্রেফতার করে ইডি।

গ্রেফতারির আগে অয়নের বাড়ি, ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালিয়ে দুর্নীতি সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওএমআর শিটের জেরক্স কপিও মিলেছিল। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কলকাতা হাইকোর্টের বিচারপতি শর্তসাপেক্ষে অয়নকে গত ডিসেম্বরে জামিন দেন। আর এবার সিবিআইয়ের মামলাতেও জামিন হল অয়নের।
প্রাথমিকে দুর্নীতি মামলায় এই নিয়ে পঞ্চম জামিন। এর আগে নীলাদ্রি দাস, তাপস মণ্ডল ও কুন্তল ঘোষ জামিন পেয়েছেন। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুও অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়েছেন। প্রাথমিক নিয়োগে উত্তরপত্রে কারচুপির অভিযোগ ওঠে অয়নের বিরুদ্ধে। সূত্রের খবর, অয়ন শীলকে জেরা করে আরও কয়েকজনের নাম উঠে এসেছে তদন্তকারীদের হাতে।
পাসপোর্ট জমা, মোবাইল নম্বর দেওয় ও তদন্তে কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা-সহ একাধিক শর্ত বেঁধে দিয়ে ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর করে আদালত। শুক্রবার সিবিআইয়ের মামলাতেও জামিন দিল সিবিআইয়ের স্পেশাল কোর্ট। তবে বেশ কয়েকটি শর্ত এবারেও বেঁধে দিয়েছে আদালত। যেমন, ১ লক্ষ টাকার বন্ড-সহ বেশ কয়েকটি শর্তসাপেক্ষে এদিন জামিন দেওয়া হয়েছে অয়ন শীলকে। এছাড়াও হুগলি, কলকাতা ও উত্তর ২৪ পরগনার বাইরে যেতে পারবেন না তিনি, নির্দেশ আদালতের।












Click it and Unblock the Notifications